রাঙামাটি, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটির বাঘাইছড়িতে এক ইউপিডিএফকর্মী খুন হয়েছেন। হত্যাকাণ্ডের জন্য পার্বত্য শান্তিচুক্তিবিরোধী পাহাড়িদের এ সংগঠনটি জনসংহতি সমিতিকে দায়ী করলেও সন্তু লারমা নেতৃত্বাধীন সংগঠনটি তা প্রত্যাখ্যান করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বাঘাইছড়ির তালুকদার পাড়া এলাকায় রোববার সকালে সন্ত্রাসীদের গুলিতে মোহন লাল চাকমা ওরফে জেনি (৩৫) নিহত হন।
স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৯টার দিকে একটি চা দোকানে মোহন লালাসহ তিন জন কথা বলছিলেন। ওই সময় ৪/৫ জন তাদের লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়।
গুলিদ্ধি মোহন ঘটনাস্থলেই মারা যান বলে বাঘাইছড়ি থানার উপপরিদর্শক (এসআই) মো. ওয়াহিদুজ্জামান জানিয়েছেন। পুলিশ লাশ উদ্ধার করেছে।
ওয়াহিদ সাংবাদিকদের বলেন, "কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনি বলা যাচ্ছে না।"
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) বাঘাইছড়ি উপজেলা সমন্বয়ক সমশান্তি চাকমা এ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বলেছে, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিই এ কাজ করেছে।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রচার সহ-সম্পাদক সজীব চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঘটনাস্থলটি ইউপিডিএফ ও জনসংহতি সমিতির সংস্কারপন্থী গোষ্ঠীর নিয়ন্ত্রিত এলাকা। তাদের অভ্যন্তরীণ কোন্দলেই এই হত্যাকাণ্ড ঘটতে পারে।"
পার্বত্য চট্টগ্রামে পাহাড়িদের দুই সংগঠন জনসংহতি সমিতি ও ইউপিডিএফের কোন্দল দীর্ঘ দিন ধরে চলছে। এতে অনেক রক্তক্ষয়ও হয়েছে।
এক যুগের বেশি সময় আগে সরকারের সঙ্গে জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) পার্বত্য শান্তি চুক্তি সই করলে এর বিরোধিতা করে জন্ম হয় ইউপিডিএফের।
স¤প্রতি সন্তু লারমার নেতৃত্ব চ্যালেঞ্জ করে জনসংহতি সমিতির একটি অংশ আলাদাভাবে কার্যক্রম চালাচ্ছে। তারা জনসংহতি সমিতির সংস্কারপন্থী হিসেবে পরিচিতি পেয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১০৫৫ ঘ.
bdnews24