২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় জলদস্যুর গুলিতে জেলের মৃত্যু

ভোলার চরফ্যাশনে জলদস্যুদের গুলিতে এক জেলের মৃত্যু হয়েছে। আহত হন অন্তত পাঁচজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2011, 01:44 PM

Updated : 24 Aug 2022, 04:22 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলার চরফ্যাশনে জলদস্যুদের গুলিতে এক জেলের মৃত্যু হয়েছে। আহত হন অন্তত পাঁচজন। এছাড়া বরিশালে 'ডাকাতের' গুলিতে দুই জেলে আহত হয়েছে। এলাকাবাসী দুইজনকে আটক করে পুলিশে দিয়েছে। ভোলা প্রতিনিধি জানান, শনিবার ভোরে সাগর মোহনার দুই কিলোমিটার দক্ষিণে সমুদ্রে মাছধরা ট্রলারে ২০/২৫ জনের একটি জলদস্যু বাহিনী হামলা চালায়। নিহত আবুল হোসেন (৫০) চরফ্যাশনের চরমাদ্রাজ ইউনিয়নের আব্দুল বারেকের ছেলে। আহতদের মধ্যে গুলিবিদ্ধ আব্দুল খালেককে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। চরফ্যাশন থানার ওসি মো. রিয়াজ হোসেন জানান, জলদস্যুরা মাছধার ট্রলার আটক করলে জেলেরা বাধা দেয়। এতে জলদস্যুরা গুলি চালালে একজন ঘটনাস্থলেই নিহত হন। লাশ ময়নাতদন্তের জন্যে ভোলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ট্রলারের মালিক মনির হোসেন বাদী হয়ে চরফ্যাশন থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। বরিশাল প্রতিনিধি জানান, ঝালকাঠির নলছিটি উপজেলার সুগন্ধা নদীর লক্ষ্মীপুরা খালের প্রবেশ মুখে শুক্রবার রাতে 'ডাকাতের' গুলিতে দুইজন আহত হয়েছেন। এরা হলেন ঝালকাঠির নলছিটি উপজেলার রায়াপুর গ্রামের শুক্কুর আলী (২৫) এবং একই গ্রামের লিটন (২৫)। আহতদের রিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নলছিটি থানার ওসি মাসুদুজ্জামান বলেন, শুক্কুর ও লিটন ট্রলারে করে লক্ষ্মীপুরার খাল অতিক্রম করার সময় একটি নৌকার সঙ্গে ট্রলারের সংঘর্ষ হয়। এতে নৌকাটি ডুবে গেলে তার ৭/৮ জন যাত্রী ট্রলারে গুলিবর্ষণ করে। পরে শুক্কুর ও লিটনের চিৎকার ও গুলির শব্দে এলকার লোকজন এসে দুজনকে ধরে পুলিশে দিয়েছে। বাকিরা সাঁতরে পালিয়ে যায়। এই ঘটনায় শুক্কুরের বাবা বাদশা বাদী হয়ে একটি মামলা করেছেন। মামলায় বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুইপুর গ্রামের রুবেলের (২৪) নাম উল্লেখসহ অজ্ঞাত আরো আটজনকে আসামি করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯২৮ ঘ.