ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা ও মাগুরায় জামায়াত ও শিবিরের ১৬ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এরমধ্যে রয়েছেন খুলনায় মহানগর জামায়াতের নায়েবে আমীর শফিকুল আলমসহ ১৩ জন এবং মাগুরায় তিনজন।
খুলনা প্রতিনিধি জানান, শুক্রবার রাতে নগরীর বিভিন্ন স্থানে মহানগর পুলিশ অভিযান চালায়।
শনিবার মহানগর হাকিমের আদালতে হাজির করলে তাদের সবাইকে জেল হাজাতে পাঠানো হয়।
গ্রেপ্তার অন্যরা হলেন জামায়াত নেতা লাল মিয়া, মনোয়ার হোসেন, ডা. কামাল হোসেন, ছাত্র শিবিরের ওবাইদুর রহমান সোহাগ, আবদুল্লাহ খান, শফিকুল ইসলাম নয়ন, ফারুক হাসান মামুন, মাহমুদুল হাসান আনিস, ওবাইদুল ইসলাম সাদ্দাম, শেখ মো. মুরাদ, আবুল কালাম ও শফিকুল ইসলাম।
খুলনা মহানগর পুলিশের সহকারী কমিশনার (সদর) মো. আলীমুজ্জামান জানান, শনিবারের বিক্ষোভ মিছিলের সময় নাশকতা সৃষ্টি করতে পারে আশঙ্কায় জামায়াত ও শিবিরের নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হয়েছে।
মাগুরা প্রতিনিধি জানান, জেলা শহর থেকে শনিবার জামায়াত ও শিবিরের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দুপুরে জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিমের আদালতে হাজির করা হলে রোববার শুনানির দিন রেখে তাদের জেল হাজতে পাঠানো হয়।
এরা হলেন জেলা জামায়াতের সাবেক পলিটিক্যাল সেক্রেটারি বিএম এরশাদুল্লাহ ওহিদ, কর্মী আব্দুর রাজ্জাক ও শিবিরকর্মী ফয়েজ উদ্দিন।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) দাউদ হোসেন জানান, সরকার বিরোধী ষড়যন্ত্র করার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮১৭ ঘ.
bdnews24