মিঠুন চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত বিশেষজ্ঞ কমিটি চট্টগ্রামের পাহাড়তলি বধ্যভূমির স্থান নির্ধারণে ঘটনাস্থল পরিদর্শ করে প্রতক্ষ্যদর্শীদের সাক্ষ্য নিয়েছেন। তাদের বক্তব্য থেকে বেরিয়ে এসেছে ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনী ও তাদের এ দেশীয় দোসরদের বর্বর হত্যাকাণ্ডের বিভিন্ন বিবরণ।
বিশেষজ্ঞ কমিটির সদস্যরা শুক্রবার সকালে বধ্যভূমি পরিদর্শনে গেলে স্থানীয় অধিবাসী ও মুক্তিযুদ্ধ কমান্ড কাউন্সিলের নেতারাও সেখানে যান। কমিটির কাছে ১৯৭১ সালের ১০ নভেম্বরের ঘটনার বর্ণনা দেন- কাজী আমিনুল ইসলাম, আবুল হোসেন, রাইসুল হোসেন সুজা, মাহবুবুল আলম, শহীদুল্লাহ পাটোয়ারী, সৈয়দ আনোয়ার হোসেন ও মশিউর রহমান।
তারা বিশেষজ্ঞ কমিটির কাছে ওইদিনের ঘটনার সংক্ষিপ্ত বিবরণ দেন। পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিস্তারিত বলেন।
এরপর বিকাল ৫টা পর্যন্ত চট্টগ্রাম সার্কিট হাউজে বসে ২১ জনের লিখিত সাক্ষ্য নেয় বিশেষজ্ঞ কমিটি।
'দুই ড্রামে জমা করা হয় রক্ত'
সেদিন রাইসুল হোসেন সুজা ছিলেন ১৬ বছরের তরুণ। ওই সময় তার বাবা আকবর হোসেন ছিলেন রেলওয়ে কর্মচারী। এই জল্লাদখানায় বিহারিদের হাতে তার বাবাও নিহত হন।
সুজার বড়ভাই মো. রকিবুল হাসান ছিলেন মুক্তিযোদ্ধা ছিলেন বলে বিহারিরা তার বাবাকে হত্যা করেছে বলে তিনি দাবি করেন।
সুজা বলেন, "সেদিন ছিল ১০ রোজা। সকাল ৭টার সময় আমার বাবাকে পাঞ্জাবি লেইনের বাসা থেকে ধরে নিয়ে যায় বিহারিরা। ভয়ে ঘর থেকে বের হতে পারিনি। অস্ত্র নিয়ে আশপাশে ঘোরাঘুরি করছিল বিহারিরা। সঙ্গে ছিল স্থানীয় কিছু আলবদর।
"বাবাকে মেরে ফেলা হয়েছে শুনে সন্ধ্যার একটু আগে সেখানে গিয়ে দেখি চারদিকে শুধু লাশ আর লাশ। সেদিন কয়েক হাজার মানুষকে হত্যা করেছিল বিহারিরা। কারো কারো মুখ এসিডে ঝলসানো। সবার গলা কাটা আর পেট ফাঁড়া।"
তিনি বলেন, এখন যেখানে ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগাং'র (ইউএসটিসি) অর্ধ নির্মিত ভবন সেখানেই ছিল একটা বিরাট গর্ত। সব লাশ ওই গর্তের ভিতর ফেলা হয়েছিল।
শেষ পর্যন্ত গর্তে ফেলে রাখা হাজারো লাশের মাঝে সুজা তার বাবার লাশ খুঁজে পাননি।
কোনো কোনো লাশের মাথা বিচ্ছিন্ন করে পাশের একটি গর্তে ফেলা হয়। ওইখানে দু'টি বড় ড্রাম ভর্তি রক্ত রাখা ছিল। জবাই করার স্থানে একটি বড় আকারের পাথরও ছিল যেটাতে ছুরি ধার দেওয়া হতো।
তবে মানুষ খুন করে কেন তারা রক্ত জমা করেছিল তা এখনো তার বোধগোম্য নয় বলে জানান।
আমিনুল হারিয়েন বাবা ও দু'ভাইকে
বাবা আর চার ভাইয়ের সঙ্গে কাজী আমিনুল ইসলামকেও (৬৮) বিহারিরা ধরে এনেছিল জল্লাদখানায়। আমিনুল ও বড় ভাই কাজী আনোয়ারুল ইসলাম পালাতে পারলেও বিহারিদের হাতে প্রাণ দেন বাবা ও অন্য দুই ভাই।
তিনি বলেন, সকাল ১০টার দিকে ঝাউতলা এলাকায় দোহাজারী ও নাজিরহাট রুটে চলাচলকারী দু'টি ট্রেন থামিয়ে কয়েক হাজার বাঙ্গালিকে জল্লাদখানায় ধরে আনে বিহারিরা।
ওদের মধ্যে তারাও ছিলেন।
অনেক লোকের জটলা থেকে বড় ভাইকে নিয়ে তিনি পশ্চিমে ছড়ায় নেমে পিছনের জঙ্গল এলাকা পার হয়ে পালিয়ে যান।
এরপর তিনি বাবা কাজী গোলাম ইয়াজদানি এবং দুই ভাই কাজী নজরুল ইসলাম ও কাজী মাহবুব ইয়াজদানিকে বাঁচানোর জন্য ছুটে যান চট্টগ্রাম সার্কিট হাউজে।
সেখানে প্রশাসনের লোকদের জানান। পরে যান স্থানীয় শান্তি কমিটির চেয়ারম্যান নবী চৌধুরীর কাছে।
নবী চৌধুরী তাকে লোক দিয়ে পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) বশির আহম্মদের কাছে পাঠান।
এ দু'জনের পরামর্শে আমিুনল ওইদিন দুপুরে ডবলমুরিং থানায় একটি মামলাও দায়ের করেন।
পরে পাকিস্তান সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা আমিনুলকে নিয়ে যায় জল্লাদখানায়।
তিনি বলেন, দুটি ড্রাম রক্তে ভরা ছিল। মানুষের রক্তের স্রোত গিয়ে পাশের ছড়ার পানিতে মিশছিল।
সাত সদস্যের বিশেষজ্ঞ কমিটির অন্য সদস্যরা হলেন- গবেষক মুনতাসির মামুন, সাংবাদিক শাহরিয়ার কবির, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও কমিটির সদস্য সচিব সৈয়দ মুজিবুল হক, চট্টগ্রামের জেলা প্রশাসক ফয়েজ আহমদ, মুক্তিযুদ্ধ গবেষক ডা. মাহফুজুর রহমান ও ইউএসটিসি'র নিবন্ধক অধ্যাপক শামসুদ্দোহা।
পাহাড়তলী এলাকায় বধ্যভূমি হিসেবে পরিচিত জমিতে ২০০৭ সালে একটি ভবন নির্মাণের কাজ শুরু করে ইউনির্ভাসিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগং (ইউএসটিসি)।
২০১০ সালে একটি রিট আবেদনে ওই ভবন নির্মাণে স্থগিতাদেশ দেয় আদালত।
গত ৬ জুন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এক আদেশে এ কমিটি গঠন করা হয়। তদন্ত শেষে পাহাড়তলী বধ্যভূমির স্থান নির্ধারণ করে একটি প্রতিবেদন জমা দিতে আগামী ৯ অক্টোবর পর্যন্ত সময় দিয়েছে আদালত।
রিট আবেদনকারীদের অন্যতম হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. গাজী সালেহ উদ্দিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/ডিডি/০০০৪ ঘ.
bdnews24