২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে হিযবুত তাহরীরের মিছিল

পুলিশের চোখ ফাঁকি দিয়ে সিলেটে মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর। তারা আমেরিকাবিরোধী নানা স্লোগান দেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2011, 12:22 PM

Updated : 24 Aug 2022, 04:21 PM

সিলেট, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের চোখ ফাঁকি দিয়ে সিলেটে মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর। তারা আমেরিকাবিরোধী নানা স্লোগান দেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। শুক্রবার জুমার নামাজ শেষে বেলা দেড়টার দিকে হাউজিং এস্টেট এলাকায় আকস্মিক মিছিল বের করে হিযবুতের ২০/২৫ জন সদস্য। মসজিদের বাইরে তারা হ্যান্ড মাইক বাজিয়ে সংক্ষিপ্ত সমাবেশও করে। সমাবেশ শেষে তারা 'আমেরিকার কালো হাত-ভেঙে দাও, গুঁড়িয়ে দাও' ইত্যাদি স্লোগান দিয়ে জঙ্গি মিছিল নিয়ে আম্বরখানার দিকে চলে যায় বলে স্থানীয়রা জানায়। খবর পেয়ে কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) খসরুল আলম বাদলের নেতৃত্বে এক দল পুলিশ ঘটনাস্থলে এলেও তার আগেই হিযবুতকর্মীরা ওই এলাকা ছেড়ে চলে যায়। হাউজে হাউজিং এস্টেট এলাকায় হিযবুতের একটি ব্যানার দেখে তা খুলে নিয়ে যায় পুলিশ সদস্যরা। পুলিশের পর র‌্যাবের একটি টহল দলও ওই এলাকায় যায়। হিযবুতের মিছিলের বিষয়ে জানতে চাইলে সিলেট মহানগর পুলিশ কমিশনার অমূল্য ভূষণ বড়–য়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ বিষয়ে বিস্তারিত খোঁজ-খবর নেওয়া হচ্ছে।" এর বেশি আর কিছু বলতে রাজি হননি তিনি। হাউজিং এস্টেট মসজিদের মুসল্লিদের মধ্যে হিযবুত তাহরীরের পক্ষ থেকে একটি লিফলেটও বিলি করা হয়। লিফলেটে বলা হয়, বঙ্গোপসাগরে মার্কিন নৌবাহিনীর সঙ্গে যৌথ মহড়ার প্রতিবাদে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের বিভিন্ন মসজিদের বাইরে এ বিক্ষোভ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮০৫ ঘ.