ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভবন নির্মাণে 'বিল্ডিং কোড' মানা হচ্ছে কি না তা নিশ্চিত করার সুপারিশ করেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
প্রতিটি জেলা সদরে এবং পর্যায়ক্রমে উপজেলায় ওএমএস-এর মাধ্যমে চাল ও আটা সরবরাহ কার্যক্রম শুরু এবং সারের দাম কমানোর জন্যও সংশি¬ষ্ট কর্তৃপক্ষকে পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এ সুপারিশ করে।
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভূমিকম্পজনিত দুর্ঘটনা রোধে মহানগরী ও শহরাঞ্চলের দালান-কোঠা নির্মাণে 'বিল্ডিং কোড' আবশ্যিকভাবে মেনে চলার বিষয়টি কঠোরভাবে বাস্তবায়ন করার সুপারিশ করা হয় বৈঠকে।
সংসদ ভবনে অনুষ্ঠিত স্থায়ী কমিটির এ বৈঠকে সভাপতিত্ব করেন মোহাম্মদ ছায়েদুল হক।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে চালের বাজার দর এবং সরবরাহ পরিস্থিতি নিয়েও আলোচনা করা হয়। পর্যাপ্ত মজুদ ও চালের মূল্য স্থিতিশীল থাকায় সন্তোষ প্রকাশ করেন কমিটির সদস্যরা।
চলতি ২০১১-২০১২ অর্থ বছরে ওএমএসের আওতায় ৪৭ হাজার ৮৪৩ টন চাল এবং ১০ হাজার ৫৭৩ টন আটা বিক্রি করা হয়েছে বলেও জানানো হয় সভায়।
কমিটির সদস্য খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, মো. আতিউর রহমান আতিক, নারায়ণ চন্দ্র চন্দ, মো. জাফর আলী, মো. আকরাম হোসেন চৌধুরী এবং মো. আফজাল হোসেন এ বৈঠকে অংশ নেন।
এছাড়া খাদ্য বিভাগ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের সচিব এবং মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসইউ/০৩২৪ ঘ.
bdnews24