ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপিসহ চারদলের ডাকা ১১ ঘণ্টা হরতালে রাজধানীতে পাঁচ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
এরা হলেন, মো. ইউসুফ মজুমদার (৩৫), মো. ইয়াছিন (২৫), মো. ইউসুফ আলী (২৮),মো. শাহাদাত (৩০) ও মো. নাসির (৩২)। এদের মধ্যে প্রথম তিন জনকে এক বছর করে এবং শাহাদাত ও নাসিরকে দুই মাস করে সাজা দেওয়া হয়।
ঢাকার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট এসএম মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই পাঁচজনকে মতিঝিল, পল্টন ও রামপুরা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। সরকারি কাজে বাধা দেওয়ায় তাদের সাজা দেওয়া হয়েছে।
বিএনপির ডাকে হরতালে বৃহস্পতিবার রাজধানীতে ১০টি ভ্রাম্যমাণ আদালত মাঠে নামে বলে তিনি জানান।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মাসুদুর রহমান জানান, হরতালে ঢাকা মহানগরীতে মোট ১৩ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ওই পাঁচজনকে সাজা দেওয়া হয়।
গত ১২ ও ১৩ জুন ৩৬ ঘণ্টার হরতাল ডাকে বিএনপি। ওই হরতালকে ঘিরে সারা দেশে শতাধিক ব্যক্তিকে কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। হরতালের আগে বা হরতালের সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ডের ঘটনা সেটিই প্রথম।
এ ছাড়া ৬, ৭ ও ৮ জুলাই বিএনপির ডাকা হরতালেও ভ্রাম্যমাণ আদালত অর্ধ শতাধিক ব্যক্তিকে কারাদণ্ড দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এসইউ/২০২৬ ঘ.
bdnews24