২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে 'বাধার' প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি

হরতাল কর্মসূচি চলাকালে 'সরকার ও ক্ষমতাসীনদের সন্ত্রাসের' প্রতিবাদে শনিবার সারাদেশে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি দিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2011, 11:27 AM

Updated : 24 Aug 2022, 04:21 PM

ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতাল কর্মসূচি চলাকালে 'সরকার ও ক্ষমতাসীনদের সন্ত্রাসের' প্রতিবাদে শনিবার সারাদেশে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি দিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি। বৃহস্পতিবার সারাদেশে হরতাল পালনের পর বিকালে এক সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন। এছাড়া যশোরে হরতাল চলাকালে বিএনপির মিছিলে 'আওয়ামী লীগ কর্মীদের গুলিবর্ষণের' প্রতিবাদে স্থানীয় বিএনপি শনিবার সেখানে অর্ধদিবস হরতাল ডেকেছে বলেও জানান তিনি। জ্বালানি তেল ও সিএনজির দাম বৃদ্ধির প্রতিবাদে সকাল ৬টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই হরতাল পালন করে বিএনপিসহ চারদলীয় জোট। ঢাকাসহ মহানগরগুলোতে ব্যাপক পুলিশের উপস্থিতি এবং র‌্যাবের টহলের মধ্যে হরতালকারীদের রাজপথে নামতে দেখা যায়নি। তবে সরকার সমর্থকদের হরতালবিরোধী মিছিল দেখা গেছে। বিকেলে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল অভিযোগ করেন, হরতালকে ঘিরে চব্বিশ ঘণ্টায় সারাদেশে তার দলের অন্তত সাড়ে তিন শ' নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আর দুই দিনের হিসাব নিলে এই সংখ্যা পাঁচ শ' ছাড়িয়ে যাবে। কেবল ঢাকাতেই গ্রেপ্তার করা হয়েছে দেড় শ'রও বেশি নেতাকর্মীকে। হরতালে 'পুলিশ ও ক্ষমতাসীনদের' হামলায় চার শতাধিক নেতা-কর্মী বৃহস্পতিবার আহত হয়েছেন বলেও দাবি করেন ভারপ্রাপ্ত মহাসচিব। হরতালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকে 'অবৈধ' অভিহিত করে তিনি দাবি করেন, "ওই রকম আদালতের মাধ্যমে বৃহস্পতিবার অন্তত ৫০ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।" তিনি হরতালে গ্রেপ্তার সব নেতা-কর্মীর নিঃশর্ত মুক্তি দাবি করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৭১৯ ঘ.