২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

'যুদ্ধাপরাধের বিচার ভণ্ডুলে এই হরতাল'

বিগত সব সরকারই জ্বালানি তেলের দাম বাড়িয়েছে উল্লেখ করে সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বিরোধী দলের হরতাল পালনের উদ্দেশ্য যুদ্ধাপরাধের বিচারে বাধা সৃষ্টি করা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2011, 11:06 AM

Updated : 24 Aug 2022, 04:21 PM

ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিগত চার দলীয় জোটসহ সব সরকারই জ্বালানি তেলের দাম বাড়িয়েছে উল্লেখ করে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বিরোধী দলের এই হরতাল পালনের উদ্দেশ্য যুদ্ধাপরাধের বিচারে বাধা সৃষ্টি করা। বৃহস্পতিবার বিকেলে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আশরাফ দাবি করেন, এই হরতাল খালেদা জিয়া ও জামায়াতে ইসলামীর কর্মসূচি। এতে বিএনপির অন্য কারো সমর্থন ছিল না। হারতালেও এর প্রমাণ পাওয়া গেছে। জ্বালানি তেল ও সিএনজির দাম বৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই হরতাল পালন করে বিএনপিসহ চারদলীয় জোট। ঢাকাসহ মহানগরগুলোতে ব্যাপক পুলিশের উপস্থিতি এবং র‌্যাবের টহলের মধ্যে হরতালকারীদের রাজপথে নামতে দেখা যায়নি। তবে সরকার সমর্থকদের হরতালবিরোধী মিছিল দেখা গেছে। প্রত্যেক সরকারই জ্বালানি তেলের দাম বাড়িয়েছে উল্লেখ করে আশরাফ বলেন, "এ বাস্তবতা জেনেও বিএনপি হরতাল করেছে মূলত যুদ্ধাপরাধের বিচার ভণ্ডুল করার জন্য। জনগণকে দেওয়া প্রতিশ্র"তি অনুযায়ী অবশ্যই যুদ্ধাপরাধীদের বিচার করা হবে।" যুদ্ধাপরাধীদের বিচারে আন্তর্জাতিক সমর্থন রয়েছে উল্লেখ করে তিনি বলেন, "পাকিস্তান ও সৌদী আরবও যুদ্ধারাপরাধীদের বিচারের বিরোধিতা করছে না।" আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দাবি করেন, "জামায়াতে ইসলামীর চাপ এবং জামায়াতপন্থী একটি দৈনিকের সম্পাদকের পীড়াপীড়িতেই বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া এই হরতাল ডাকেন।" বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতের আমীর মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, নায়েবে আমীর মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও কাদের মোল্লার বিচার চলছে। একই অভিযোগে কারাগারে রয়েছেন বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও সাবেক মন্ত্রী আব্দুল আলীমও। 'তেলের দাম বৃদ্ধি এবারই শেষ নয়' উল্লেখ করে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, অন্তর্জাতিক বাজারে দাম বাড়লে দেশেও বাড়াতে হবে। যে সরকারই থাকুক এটা করতে হবে। এই বাস্তব সত্য অস্বীকার করে হরতাল দেওয়া অনৈতিক। বিএনপি সরকার ২০০১-২০০৬ সালে নয়বার এবং বিগত তত্ত্বাবধায়ক সরকার তিনবার তেলের দাম বাড়িয়েছে বলে উল্লেখ করেন মন্ত্রী। জ্বালানির তেলের ওপর ভর্তুকির কথা উল্লেখ করে তিনি বলেন, সব ভর্তুকি জ্বালানি তেলে দিলে উন্নয়ন কাজ করা যাবে না। গত রোববার সরকার ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম প্রতি লিটারে ৫ টাকা বাড়ানোর ঘোষণা দেয়। ওইদিন রাত ১২টা থেকেই তা কার্যকর করা হয়। পরদিন রূপান্তরিত প্রাকৃতিক গ্যাসের (সিএনজি) দামও প্রতি ঘনমিটার ৫ টাকা বাড়িয়ে ৩০ টাকা করা হয়। বাংলাদেশের চেয়ে ভারত ও পাকিস্তানে তেলের দাম বেশি হওয়ায় চোরাকারবারিরা ভারতে তেল পাচার করে উল্লেখ করে এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানান আশরাফ। 'হত্যার উদ্দেশ্যেই পুলিশের ওপর হামলা' সোমবার বিজয়নগর এলাকায় পুলিশের সঙ্গে জামায়াত কর্মীদের সংঘর্ষের প্রসঙ্গ টেনে সৈয়দ আশরাফ বলেন, জামায়াত মিছিল করে নয়, 'কমান্ডো স্টাইলে' পুলিশকে 'হত্যার উদ্দেশ্যে' ঢাকা ও চট্টগ্রামে হামলা চালায়। চট্টগ্রামে জামায়াতের মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ৪/৫ রাউন্ড গুলি ছোড়া হয়েছে অভিযোগ করে তিনি বলেন, "এ ব্যাপারে পুলিশকে আগেই সতর্ক করা হয়েছিল।" "জামায়াতের আটক নেতাদের জেল থেকে কীভারে কমান্ডো স্টাইলের মুক্ত করা যায়- পুলিশের ওপর হামলা তারই মহড়া। কারণ তারা জানে যুদ্ধাপরাধীদের বিচার কোনোভাবেই প্রতিহত করা যাবে না", যোগ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। অন্যদের মধ্যে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আহম্মদ হোসেন, মেজবাউদ্দিন সিরাজ, শ্রম সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ফরিদুন্নাহার লাইলী সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/জেকে/১৮২৭ ঘ.