ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের বিভিন্ন পর্যায়ে দুটি চুক্তিভিত্তিক নিয়োগ এবং ছয় কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক আদেশে বৃহস্পতিবার এ রদবদল করা হয়।
জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের সহকারী অধ্যাপক পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন অবসর-উত্তর ছুটিতে (পিআরএল) থাকা ডা. মোফাখখারুল বারী। তিনি একই হাসপাতালে সহযোগী অধ্যাপকের দায়িত্বে ছিলেন।
তাকে দুই বছরের জন্য ওই পদে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। কাজে যোগ দেওয়ার দিন থেকে তার চুক্তি কার্যকর হবে।
সমুদ্র পরিবহন অধিদপ্তরের ইঞ্জিনিয়ার অ্যান্ড শিপ সার্ভেয়ার পদে চুক্তিতে নিয়োজিত শাহাদাত হোসেনের চুক্তির মেয়াদ এক বছর বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার থেকে এ মেয়াদ বাড়ানোর আদেশ কার্যকর হবে।
এছাড়া শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) নিরঞ্জণ দেবনাথকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সচিব পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে।
মুন্সিগঞ্জের এডিসি আশরাফুজ্জামানকে যোগাযোগ মন্ত্রণালয়ে পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
কিশোরগঞ্জ সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নূর আলম সিদ্দিককে শেরপুরে বদলি করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত সিনিয়র সহকারী সচিব শাহিনা খাতুনকে মুন্সিগঞ্জের এডিসি নিয়োগ করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবালয় শাখায় ন্যস্ত সিনিয়র সহকারী সচিব ফরিদা ইয়াসমিন এবং সহকারী সচিব সাবভীনা মনীর চিঠিকে অর্থ বিভাগে পদায়ন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসইউ/আরএ/১৬৫৫ ঘ.
bdnews24