নরসিংদী, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর শিবপুর উপজেলায় ডাকাতদের ছুরিকাঘাতে এক তরুণের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো তিন জন।
বৃহস্পতিবার ভোররাত ৩টার দিকে শিবপুর উপজেলার তেলিয়া বাজারে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত সজিব (১৮) তেলিয়া বাজারের একটি কম্পিউটার কম্পোজের দোকানে কাজ করতো।
শিবপুর থানার ওসি মকবুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাত-আট জনের একটি ডাকাত দল রাত ৩টার দিকে তেলিয়া বাজারে ঢুকলে বাজারের পাহারাদাররা বিষয়টি টের পেয়ে হৈ চৈ শুরু করে। এ সময় সজিব বাইরে বের হলে তাকে ছুরিকাঘাতে আহত করে ডাকাতরা।
গুরুতর আহত সজিবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ৮টায় তার মৃত্যু হয়।
ডাকাতরা পালিয়ে যাবার সময় চিৎকার করলে রবিউল (৪০), আরমান মিয়া (৫০) ও মোস্তফা নামে তিন জনকে পিটিয়ে আহত করে ডাকাতরা।
পুলিশ কর্মকর্তা মকবুল হোসেন জানান, লাশ ঢাকা থেকে এনে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/আরএ/১৪০০ ঘ.
bdnews24