২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আট ঘণ্টা অবরুদ্ধ ছিলেন সেলিমাসহ ৫ নেতা

প্রায় আট ঘণ্টা অবরুদ্ধ থাকার পর হরতাল শেষে মুক্ত হয়েছে সেলিমা রহমানসহ বিএনপির পাঁচ নেতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2011, 08:26 AM

Updated : 24 Aug 2022, 04:21 PM

ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রায় আট ঘণ্টা অবরুদ্ধ থাকার পর হরতাল শেষে মুক্ত হয়েছে সেলিমা রহমানসহ বিএনপির পাঁচ নেতা। হরতালে মিছিল করতে গিয়ে বৃহস্পতিবার সকালে পুলিশি ধাওয়ার মুখে রাজধানীর মহাখালীতে একটি সিটিসেলের কার্যালয়ে আশ্রয় নেন তারা। সকাল ১০টার দিকে মহাখালী আমতলী এলাকায় মিছিলের চেষ্টা চালান ওই বিএনপি নেতারা। তখন পুলিশ ধাওয়া করলে তারা সিটিসেলের কার্যালয়ে ঢুকে পড়েন। এরপর পুলিশ ওই ভবনটি ঘিরে রাখে। গ্রেপ্তার হওয়ার আশঙ্কায় তারা ওই ভবন থেকে বের হননি। হরতাল শেষে বিকাল ৬টার দিকে পুলিশ সেখান থেকে চলে গেলে ওই ভবন থেকে বের হন তারা । নেতারা আটক থাকার খবর শুনে ঢাকা সিটি করপোরেশনের মেয়র ও বিএনপির সহ-সভাপতি সাদেক হোসেন খোকা মহাখালীতে যান। তিনি সাংবাদিকদের বলেন, "এভাবে দীর্ঘ সময় নেতাদের আটক রেখে সরকার অগণতান্ত্রিক ও ফ্যাসিবাদী মানসিকতার পরিচয় দিয়েছে। বিরোধী দলকে দমন-পীড়ন করে দমিয়ে রাখা যাবে না।" বিএনপির সহসভাপতি সেলিমার সঙ্গে আটকে পড়া বিএনপি নেতারা হলেন- সাবেক প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, সাবেক সংসদ সদস্য সুলতানা আহমেদ, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি নূরে আরা সাফা ও প্রচার সম্পাদক আয়েশা সিদ্দিকা মানি। তাদের সঙ্গে ১৫ কর্মীও সেখানে আশ্রয় নেন। মুক্ত হয়ে সুলতানা আহমেদ বলেন, "আমরা জনগণের অধিকার আদায়ে শান্তিপূর্ণভাবে হরতাল করার চেষ্টা করেছি। কিন্তু তাতেও আমাদের বাধা দেওয়া হয়েছে।" ঘটনাস্থলে উপস্থিত গুলশান থানার উপপরিদর্শক শেখ সোহেল রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল ১০টার বিএনপির কয়েকজন নেতাকর্মী মিছিলের চেষ্টা চালালে তাদের ধাওয়া করা হয়। এক পর্যায়ে তারা সিটিসেলের অফিসের ভেতরে ঢুকে পড়েন।" পুলিশ কর্মকর্তা সোহেল বলেন, হরতাল শেষে তারা বের হয়েছে। যেহেতু তারা কোনো ধরনের নাশকতা করেনি তাই তাদের আটক করা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এমআই/১৮৪০ ঘ.