চট্টগ্রাম, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের বন্দর থানা এলাকায় কভার্ডভ্যানের চাপায় এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার ভোর সোয়া ৬টার দিকে ব্যারিস্টার সুলতান আহমেদ কলেজের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত লেমন চাকমা (২০) রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার করেঙ্গাতলি এলাকার সোনালাল চাকমার ছেলে। তিনি চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকার (সিইপিজেড) চিটাগাং নিটওয়ার লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
লেমনের চাচাতো ভাই সাক্ষ্যমুনি চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোরে কাজে যাওয়ার জন্য রাস্তা পারাপারের সময় কভার্ডভ্যানটি লেমনকে চাপা দেয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের উপ-পরিদর্শক জহিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লেমনকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
কর্ভাডভ্যানটি আটক করেছে বন্দর থানার পুলিশ।
এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান পুলিশ কর্মকর্তা জহিরুল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/কিউএইচ/আরএ/১২২২ ঘ.
bdnews24