গাজীপুর, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে একই অপহরণকারী এক কলেজ ছাত্রীকে আবারো অপহরণ করেছে বলে অভিযোগে পাওয়া গেছে।
বুধবার সকালে কাপাসিয়া উপজেলার সাফাইশ্রী থেকে মেয়েটিকে অপহরণ করা হয়। কয়েকঘণ্টা পর তাকে উদ্ধার ও পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার হয়েছে উপজেলার বলদা গ্রামের ননী গোপালের ছেলে রিপন (২৩), তার সহযোগী আমান উল্লাহ (২৫), হারুন অর রশিদ (২২), মামুন (২৫) এবং রিপনের মা গীতা রানী (৪৫)।
কাপাসিয়া থানার উপ-পরিদর্শক মো. রফিকুল ইসলাম মেয়েটির পরিবারের বরাত দিয়ে জানান, বখাটেদের উৎপাতের কারণে প্রতিদিনের মতো সকালে মায়ের সঙ্গে কাপাসিয়া ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ওই ছাত্রী কলেজে যাচ্ছিলেন।
পথে রিপন তার সহযোগীদের নিয়ে মায়ের সামনে থেকেই মেয়েকে একাট মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। মেয়েটির মা সঙ্গে সঙ্গে বিষয়টি থানায় জানান।
বিকালে স্থানীয় চাঁদপুর ইউনিয়নের কোটবাজালিয়া চৌরাস্তা থেকে মাইক্রোবাসসহ ওই ছাত্রীকে উদ্ধার এবং অপহরণকারীদের গ্রেপ্তার করা হয়।
এঘটনায় ছাত্রীটির মা বাদী হয়ে কাপাসিয়া থানায় একটি অপহরণ মামলা করেছেন।
মেয়েটির মা সাংবাদিকদের জানান, প্রায় ৬ মাস আগেও একবার রিপন সহযোগীদের নিয়ে তার মেয়েকে অপহরণ করেছিল। পরে ব্রাক্ষণবাড়িয়া থেকে উদ্ধার করা হয়।
ওই ঘটনায়ও গাজীপুর আদালতে রিপনের বিরুদ্ধে একটি অপহরণ মামলা বিচারাধীন রয়েছে, বলেন তিনি।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে রিপন তার মেয়েকে উত্ত্যক্ত করছিল। তার উৎপাতের কারণে তিনি নিজে মেয়েকে কলেজে আনানেওয়া করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৫৫ ঘ.
bdnews24