২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে চোরাই সোনা উদ্ধার, গ্রেপ্তার ৪

২৯৩ গ্রাম চোরাই স্বর্ণালঙ্কার ও তিন লাখ ৫৮ হাজার টাকাসহ গ্রিল কাটা চোর চক্রের দুই সদস্য এবং চোরাই স্বর্ণ কেনা-বেচায় জড়িত অভিযোগে আরো দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2011, 01:56 PM

Updated : 24 Aug 2022, 04:03 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২৯৩ গ্রাম চোরাই স্বর্ণালঙ্কার ও তিন লাখ ৫৮ হাজার টাকাসহ গ্রিল কাটা চোর চক্রের দুই সদস্য এবং চোরাই স্বর্ণ কেনা-বেচায় জড়িত অভিযোগে আরো দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোম ও মঙ্গলবার দিনব্যাপী নগরী ও আশেপাশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তারের পর বুধবার চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তাদের আনা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- জামাল (৩৫), বিপ্লব দাশ (৩৩), নারায়ণ চন্দ্র ধর (৫৪) ও রবি ধর (৩৭)। এদের মধ্যে জামাল ও বিপ্লব চোর চক্রের সদস্য এবং নারায়ণ ও রবি চোরাই স্বর্ণ ক্রয়-বিক্রয়কারী বলে পুলিশ জানিয়েছে। সংবাদ সম্মেলনে সিএমপি কমিশনার আবুল কাশেম বলেন, ঈদের বন্ধে নগরীর জাকির হোসেন সড়কে প্রবাসী সামছুল হুদা এবং খুলশী আবাসিক এলাকায় ব্যবসায়ী শেখ রায়হান আহমেদের বাসায় গ্রিল ভেঙে চুরির ঘটনা ঘটে। খুলশী থানায় ৬ সেপ্টেম্বর দায়ের করা মামলায় বলা হয়, প্রবাসী সামছুল হুদার বাসা থেকে স্বর্ণালংকার ও নগদ ১০ লাখ টাকাসহ প্রায় ৩৩ লাখ ৫০ হাজার টাকার মালামাল চুরি হয়। থানার অন্য মামলায় বলা হয় ব্যবসায়ী রায়হান আহমদের বাসা থেকে নগদ ৩৫ হাজার টাকা, ৮০ ভরি স্বর্ণালংকারসহ মোট ৪০ লাখ টাকার মালামাল চুরি হয়। সিএমপি'র উপ-কমিশনার (উত্তর) আমেনা বেগমের নেতৃত্বে চার সহকারী কমিশনার ও গোয়েন্দা পুলিশের সমন্বয়ে গঠিত তিনটি পৃথক দল চোর চক্রের সদস্যদের গ্রেপ্তারে অভিযানে অংশ নেন। অভিযানে অংশ নেওয়া গোয়েন্দা পুলিশের পরিদর্শক সদীপ কুমার দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার হালিশহর থেকে জামালকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বিপ্লবকে খুলশী বিশ্ব কলোনি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে আনোয়ারা-পটিয়া ক্রসিং থেকে নারায়ণকে এবং নগরীর হাজারী গলি থেকে রবিকে গ্রেপ্তার করে পুলিশ। গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মহসীন জানান, গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে আলমগীর, আনোয়ার, সাগর ও বাঁচা নামের তাদের আরো চার সহযোগী চুরিতে অংশ নিয়েছিলো। জামাল ও বিপ্লব পুলিশকে বলেছে, তাদের দলের অন্য সদস্য আলমগীর জানিয়েছিলোল সামছুল হুদার বাসা থেকে ১ লাখ টাকা ও তিনটি স্বর্ণালঙ্কার চুরি করা গেছে। বাকি টাকা ও স্বর্ণ আলমগীর কৌশলে লুকিয়ে ফেলে। জামাল ও বিপ্লবের বাসা থেকে মোট ৩ লাখ ৫৮ হাজার টাকা উদ্ধার করা হয় বলে পুলিশ জানায়। সংবাদ সম্মেলনে জানানো হয়, চোর চক্রের সদস্যরা স্বর্ণ ব্যবসায়ী নারয়ণের মাধ্যমে নগরীর হাজারী গলির 'শুভেচ্ছা জুয়েলার্সে'র মালিক রবি ধরের কাছে চোরাই স্বর্ণালংকার বিক্রি করে। পুলিশ অভিযান চালিয়ে ওই দোকান থেকে ২৯৩ গ্রাম স্বর্ণালঙ্কার উদ্ধার করে। নারায়ণ চন্দ্র ধরের স্বর্ণ ব্যবসার বৈধ লাইসেন্স আছে। এ লাইসেন্স ব্যবহার করে তিনি চোরাই স্বর্ণ কেনা-বেচার কাজ করেন বলে পুলিশ অভিযোগ করেছে। জামিনে বেরিয়ে আবার অপরাধে সিএমপি কমিশনার আবুল কাশেম সংবাদ সম্মেলনে বলেন, গ্রিল কেটে চুরির ঘটনায় গ্রেপ্তারকৃতরা আগেও বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়েছিলেন। জামিনে বেরিয়ে তারা আবার বিভিন্ন পন্থায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে। তিনি বলেন, গত ৯ জুন নগরীর গোল পাহাড় মোড় এলাকায় মিশম্যাক ডেভেলপারের কার্যালয় থেকে ১৮ লাখ টাকা চুরির ঘটনায় জামাল, বিপ্লব, আলমগীর ও তাদের দলনেতা নাছিরকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় ১৩ লাখ টাকা। গ্রেপ্তারকৃতদের মধ্যে নাছির সীতাকুণ্ড থানার একটি মামলায় কারাগারে আছে। অন্যরা গত অগাস্ট মাসের মধ্যেই জামিনে বেরিয়ে আসে। "জামিন পাওয়া সবার অধিকার। কিন্তু যারা জামিনে বেরিয়ে বার বার অপরাধ করে তাদের জামিন পাওয়া উচিত কি না তা বিবেচনার দাবি রাখে," বলেন পুলিশ কর্মকর্তা কাশেম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমআই/১৯৫০ ঘ.