সিলেট, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটে পুলিশের এক উপ-পরিদর্শককে ছুরিকাঘাত করে ২ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার দুপুরে নগরীর জামতলা এলাকায় এ ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।
হামলার শিকার পুলিশ কর্মকর্তা লিয়াকত আলী (৪২) সিলেটের গোয়াইনঘাট থানায় কর্মরত। তিনি কুমিল্লার দেবিদ্বার উপজেলার বরুড়া গ্রামের শাহাদত আলীর ছেলে।
ছিনতাইকারীরা গুলি ছুড়লেও তা লক্ষ্যভ্রষ্ট হয় বলে কোতোয়ালি থানার ওসি খন্দকার নওরোজ আহমদ জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লিয়াকত আলী নগরীর পুর্ব জিন্দাবাজার এলাকার ডাচ বাংলা ব্যাংক থেকে ২ লাখ টাকা তুলে রিকশায় চড়ে তালতলা যাচ্ছিলেন। জামতলা এলাকায় ছিনতাইকারীর কবলে পড়েন তিনি।
চারটি মোটর সাইকেলে আট জন সশস্ত্র ছিনতাইকারী ছিলেন বলে ওসি জানান।
হাসপাতালে চিকিৎসাধীন পুলিশ কর্মকর্তা লিয়াকত আলী সাংবাদিকদের বলেন, "টাকা দিতে অস্বীকৃতি জানালে ছিনতাইকারীরা আমাকে ছুরিকাঘাত করে। পরে কয়েক রাউন্ড গুলি করে দ্রুত পালিয়ে যায়।"
এ ঘটনায় মামলা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৫৮ ঘ.
bdnews24