চট্টগ্রাম, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাদের কাছাকাছি একটি ভেন্টিলেটরে উঠে আত্মহত্যার হুমকি দিয়ে অন্য ভবনে স্থানান্তর ঠেকিয়েছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের দুই বন্দি।
বুধবার দুপুরে কারাগারের পদ্মা ভবন থেকে ওই দুই বন্দিকে স্থানান্তরের উদ্যোগ নিলে তারা ভবনের ছাদের কাছে একটি ভেন্টিলেটরে উঠে লাফিয়ে পড়ার হুমকি দেন। স্থানান্তর না করার আশ্বাস দেওয়ার পর তারা নেমে আসেন বলে উপকারারক্ষক রফিকুল কাদের সাংবাদিকদের জানিয়েছেন।
হত্যা মামলার আসামি মো. রনি এবং চুরির মামলার আসামি সাজ্জাদ হোসেন সুমন প্রায় দেড় ঘণ্টা ছাদের কাছের ওই ভেন্টিলেটরে ছিলেন।
কারারক্ষীরা জানায়, দুপুর দেড়টার দিকে পাঁচ তলা ভবনের দেয়ালের পাইপ বেয়ে ছাদের দিকে উঠে যান দুই বন্দি। ৩টার দিকে তারা নেমে আসেন।
কারা কর্মকর্তা রফিকুল বলেন, "অনেক দিন ধরে এক ভবনে থাকার কারণে অন্য বন্দিদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি হয়ে যায়। এজন্য তারা অন্য ভবনে যেতে রাজি হচ্ছিলো না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/এমআই/১৫২২ ঘ.
bdnews24