২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাঈদীর মামলার পরবর্তী শুনানি রোববার

দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ গঠনের শুনানির পরবর্তী তারিখ ঠিক হয়েছে আগামী রোববার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2011, 08:13 AM

Updated : 24 Aug 2022, 04:03 PM

ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ গঠনের শুনানির পরবর্তী তারিখ ঠিক হয়েছে আগামী রোববার। বুধবার পুরনো হাইকোর্ট ভবনে স্থাপিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানির পর এ দিন ঠিক হয়েছে। এ দিন সাইদীর পক্ষে বক্তব্য রাখেন তার আইনজীবীরা। জামায়াত নেতা সাঈদীর আইনজীবী তাজুল ইসলাম শুনানিতে বলেন, "বায়বীয় অভিযোগের ভিত্তিতে অভিযোগ গঠনের এ প্রক্রিয়া শুরু হয়েছে।" সাঈদীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের সুনির্দিষ্ট কোনো অভিযোগ ট্রাইব্যুনালের প্রসিকিউশন বিভাগ আনতে পারেনি বলে দাবি করেন তিনি। প্রত্যক্ষ সাক্ষী না থাকার কথাও তুলে ধরেন তিনি। তাজুল বলেন, "আমি কোনো দিন বা কোনো সময় কাউকে হত্যা করেছিলাম, প্রমাণ ছাড়া এ অভিযোগের কোনো মানে নেই।" পিরোজপুরে একাত্তরে বিভিন্ন হত্যাকাণ্ডের কথা তুলে ধরা হলেও এর কতটিতে সাঈদী জড়িত এবং তার কী প্রমাণ রয়েছে, তাও প্রসিকিউশন বিভাগ আনতে পারেনি বলে তাজুল দাবি করেন। তিনি বলেন, সাক্ষ্যপ্রমাণ ছাড়া এ সব অভিযোগের ভিত্তিতে অভিযোগ গঠন হতে পারে না। মঙ্গলবার শুনানির দিন ঠিক থাকলেও অসুস্থতার কারণ দেখিয়ে সাঈদীকে ট্রাইব্যুনালে আনেনি কারা কর্তৃপক্ষ। ফলে সেদিন শুনানি হয়নি। বুধবার সাঈদী উপস্থিতিতেই অভিযোগ গঠনের শুনানি হয়। মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগের মুখে থাকা জামায়াতের নায়েবে আমির সাঈদীকে গ্রেপ্তার করা হয় ২০১০ সালের ২৯ জুন। তিনিই প্রথম ব্যক্তি, যার বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার মামলায় অভিযোগ গঠন প্রক্রিয়া শুরু হয়েছে। সাবেক সংসদ সদস্য সাঈদী ছাড়াও জামায়াতের দুই শীর্ষ নেতাসহ চার জন যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার রয়েছেন। তারা হলেন-দলের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মো. মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল কামরুজ্জামান ও আব্দুল কাদের মোল্ল¬া। এছাড়া দুই বিএনপি নেতাকেও গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী আটক থাকলেও জিয়াউর রহমান আমলের মন্ত্রী আব্দুল আলীম শর্তসাপেক্ষে জামিনে রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএম/এমআই/১৭৫৫ ঘ.