ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালের সমালোচনার জবাবে বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সরকারের ব্যর্থতায়ই জনজীবনে নাভিশ্বাস উঠেছে।
বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে তিনি বলেন, "জনদুর্ভোগের জন্য হরতাল কিংবা বিরোধী দলের আন্দোলন নয়, আওয়ামী লীগ সরকারই দায়ী। সর্বক্ষেত্রে তারা ব্যর্থ। মানুষের কাছে এই সরকার জনদুর্ভোগের কারণ হয়ে দেখা দিয়েছে।"
জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে বিএনপিসহ চার দল বৃহস্পতিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে। সরকারি দলের নেতারা বলছেন, 'অযৌক্তিক' হরতাল ডেকে বিরোধী দল জনদুর্ভোগ তৈরি করছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মোশাররফ বলেন, জ্বালানি তেল ও গ্যাসের দাম বাড়িয়ে মানুষের দুর্গতি আরো বাড়িয়েছে সরকার। তাই এই সরকারের পতনের কোনো বিকল্প নেই।
"জ্বালানি তেল ও গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে বৃহস্পতিবার আমরা হরতাল আহ্বান করেছি। অথচ আওয়ামী লীগ বলেছে, জনদুর্ভোগ বৃদ্ধি করতে হরতাল ডাকা হয়েছে। এটা ঠিক নয়," বলেন তিনি।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮০৭ জন শিক্ষক-কর্মকর্তা-কর্মচারিকে পুনর্বহালের দাবিতে সম্মিলিত পেশাজীবী পরিষদের উদ্যোগে মানববন্ধনে বক্তব্য রাখেন মোশাররফ।
আদালতের আদেশের তাদের চাকরিচ্যুত করা হলেও বিএনপি নেতা বলেন, তারা রাজনৈতিক প্রতিহিংসার শিকার। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে তাদের চাকরি ফেরতের আশ্বাসও দেন সাবেক মন্ত্রী মোশাররফ।
তিনি বলেন, ক্ষমতায় আসার আগে আওয়ামী লীগ বলেছিলো- ঘরে ঘরে চাকরি দেবে। আজ তারা ক্ষমতায় গিয়ে চাকরি দেয়ার বদলে চাচরিচ্যুত করছে।
"চাকরিচ্যুতরা পরিবার-পরিজন নিয়ে এক অনিশ্চিত অবস্থার মধ্যে আছেন। তাদের সন্তানদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে," যোগ করেন তিনি।
মানববন্ধন কর্মসূচিতে অন্যান্যের মধ্যে অংশ নেন আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সংসদ সদস্য সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, জাতীয় বিশ্ববিদ্যালয়ের চাকরি রক্ষা কমিটির আহ্বায়ক নুরুল আমিন, সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব এ জেড এম জাহিদ হোসেন প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৩৫৯ ঘ.
bdnews24