সাতক্ষীরা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরা শহরে ট্রাকচাপায় এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সকাল ১১টার দিকে শহরের সুলতানপুর এলাকার ন্যাশনাল ব্যাংক সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শামছুন্নাহার (৩৪) সদর উপজেলার খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তার বাসা শহরের রাজারবাগান এলাকায়। স্বামী কলেজ প্রভাষক ফজলুর রহমান।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শামছুন্নাহার সকালে একটি ভ্যানে করে বাড়ি থেকে স্কুলের দিকে যাচ্ছিলেন। পথে একটি বালু ভর্তি ট্রাক ভ্যানটিকে চাপা দিলে শামছুন্নাহার রাস্তায় পড়ে যান। পরে ট্রাকটি তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
স্থানীয় লোকজন ট্রাক ও চালক রহমত উল্লাহকে (২৭) আটক করে থানায় সোপর্দ করেছে।
সদর থানার ওসি শাহজাহান আলী খাঁন সাংবাদিকদের জানান, নিহতের স্বামী ফজলুর রহমান মামলা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৩৫১ ঘ.
bdnews24