চট্টগ্রাম, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের পটিয়া থানাধীন মনসার টেক এলাকায় সড়ক দুর্ঘটনায় এক মটর সাইকেল আরোহী মারা গেছে বলে পুলিশ জানিয়েছে।
বুধবার ভোর ৫ টার দিকে এ দুর্ঘটনায় নিহত মো. শাহজাহান (২৬) থানার কুসুমপুর এলাকার মোহাম্মদ জাকিরের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক সুমন দে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোর ৫ টা ৫০ মিনিটে শাহজাহানকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের খালাত ভাই মোহাম্মদ খোকন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আঞ্জুরহাট এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে রাত কাটানোর পর ভোরে আমরা বাড়ি ফিরছিলাম। শাহজাহান মোটর সাইকেল চালাচ্ছিল আমি তার পেছনে বসে ছিলাম। মনসার টেক এলাকায় বিপরীতমুখী একটি ট্রাকের হেডলাইটের আলো শাহজাহানের চোখে পড়লে সে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উল্টো পাশে গিয়ে পড়ে।"
খোকন জানান, শাহজাহান মাথায় আঘাত পায়।
পরে চমেক হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এসইউ/১১৩৪ ঘ.
bdnews24