২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ট্রেনে যাত্রী বেড়েছে, কমেছে বগি

বেহাল সড়কের কারণে রেলযাত্রী বাড়লেও সিলেট থেকে ঢাকা ও চট্টগ্রামমুখী ট্রেনে বগির সংখ্যা কমেছে। আর রেলের সেবার মান নিয়েও যাত্রীদের অভিযোগের অন্ত নেই। মঞ্জুর আহমদের প্রতিবেদন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2011, 05:18 AM

Updated : 24 Aug 2022, 04:04 PM

মঞ্জুর আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি সিলেট, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেহাল সড়কের কারণে রেলযাত্রী বাড়লেও সিলেট থেকে ঢাকা ও চট্টগ্রামমুখী ট্রেনে বগির সংখ্যা কমেছে। আর রেলের সেবার মান নিয়েও যাত্রীদের অভিযোগের অন্ত নেই। রেল কর্তৃপক্ষ বলছে, শিগগির এ সমস্যার সমাধান সম্ভব নয়। সিলেট-ঢাকা রুটে প্রতিদিন তিনটি আন্তঃনগর ট্রেন এবং সিলেট-চট্টগ্রাম রুটে প্রতিদিন দুটি আন্তঃনগর ট্রেন চলাচল করে। রেলওয়ে সিলেট স্টেশনের ব্যপস্থাপক মো. সাইয়েদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সড়কে দুরবস্থার কারণে ট্রেনে যাত্রীর চাপ বেড়েছে। গত তিন মাসে ট্রেনে যাত্রী বেড়েছে প্রায় ৩০ শতাংশ। আগে এ দুটি রেলপথে যাত্রী কমে যাওয়ায় বিভিন্ন সময়ে ট্রেনের বগি কমিয়ে দেওয়া হয়েছিলো। এছাড়া অনেক বগি অযোগ্য হয়ে পড়ায় বাধ্য হয়েই এগুলোকে মেরামতের জন্য কারখানায় পাঠানো হয়েছে। মেরামতে অনেক সময় লাগবে বলে জানান সাইয়েদুর। ঢাকা-সিলেট পথে প্রতিটি ট্রেনে আগে ১৮টি করে বগি ছিলো। এখন তা ১২টিতে নেমে এসেছে। সিলেট-চট্টগ্রাম পথের ট্রেনগুলোও ১৫টি বগির বদলে ১৩টি বগি নিয়ে চলছে। স¤প্রতি সিলেট-ঢাকা পথের 'পারাবত এক্সপ্রেস' এর প্রথম শ্রেণীর এসি কোচ ও দুটি শোভন চেয়ার কোচ কমিয়ে দেওয়া হয়েছে। এছাড়া আরো দুটি শোভন চেয়ার কোচ কমিয়ে শোভন কোচ সংযোজন করা হয়েছে। যাত্রীরা আরামদায়ক ভ্রমণ চাওয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান সাইয়েদুর। আরামদায়ক করার কথা কর্মকর্তারা বললেও তা নিয়েও রয়েছে ক্ষোভ। সিলেট-চট্টগ্রাম পথে চলাচলকারী 'উদয়ন এক্সপ্রেস' ট্রেনের এসি চেয়ার কোচটির শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র চলে খেয়াল খুশিমতো। কখনো চলে, আবার চলে না। এ ট্রেনের যাত্রী আশরাফ উদ্দিন বলেন, "এসি কোচের টাকা নিলেও এসি চলে না। এছাড়া এসি কক্ষে ছাড়পোকার জ্বালায় বসা যায় না।" এ বিষয়ে রেল কর্মকর্তা সাইয়েদুর বলেন, "কোচটির এসি নষ্ট হয়ে গেছে। মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।" সেবার মান নিয়ে ক্ষোভ প্রকাশ করে পারাবত এক্সপ্রেসের যাত্রী আয়শা সুলতানা বলেন, "দরজা খোলে না, বাথরুমের লক ভাঙা থাকে, বাতি থাকে না। তার ওপর ফেরিওয়ালাদের উৎপাত ভ্রমণকে বিষিয়ে তোলে।" একই ট্রেনের যাত্রী মাহফুজ আহমদ বলেন, "ট্রেনে ভ্রমণের পরিবেশ দিন দিন খারাপ হচ্ছে। রেলের এক শ্রেণীর কর্মকর্তা টাকার বিনিময়ে বগির ভেতর অতিরিক্ত লোক ওঠায়।" রেল ভ্রমণকারীর সংখ্যা বৃদ্ধির বিষয়টি বোঝা যায় যাত্রীদের কথায়ও। মাহফুজ বলেন, "বগিতে লোকজনের গিজগিজ অবস্থায় একটু প্রশান্তিতে বসাও যায় না।" "একটি বগিতে যদি ৫০ জন লোক বসে যায়, দাঁড়ানো থাকে এর দ্বিগুণ," বলেন আয়শা। যাত্রীদের অভিযোগ, কাউন্টারে গেলে টিকিট না মিললেও কালোবাজারে তা পাওয়া যায়। নিয়মিত ঢাকা-সিলেট রুটে ভ্রমণকারী সাব্বির আহমদ বলেন, "কাউন্টারে গেলেই এক কথা শুনতে হয়- টিকিট নেই; কিন্তু বেশি টাকা দিলে দালালদের কাছে টিকিট ঠিকই পাওয়া যায়।" তবে কালোবাজারে টিকিট বিক্রির কথা অস্বীকার করেন সিলেট স্টেশনের ব্যবস্থাপক সাইয়েদুর বলেন, "টিকিট না পেলে যাত্রীরা এভাবেই উল্টাপাল্টা কথা বলে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১১০৬ ঘ.