২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাগের ভেতরেই মৃত্যু হলো বানরটির

বিক্রির জন্য ব্যাগে করে নিয়ে আসা বানর ক্রেতার দেখা না পেলেও যেন জমদূতেরই দেখা পেল! দীর্ঘক্ষণ ব্যাগের মধ্যে বন্দি থেকে শ্বাস বন্ধ হয়ে মারা যায় সিংহ জাতের ওই বানরটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2011, 03:48 PM

Updated : 24 Aug 2022, 04:02 PM

কামরুল আম্বিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি মৌলভীবাজার, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিক্রির জন্য ব্যাগে করে নিয়ে আসা বানর ক্রেতার দেখা না পেলেও যেন জমদূতেরই দেখা পেল! দীর্ঘক্ষণ ব্যাগের মধ্যে বন্দি থেকে শ্বাস বন্ধ হয়ে মারা যায় সিংহ জাতের ওই বানরটি। ঘটনাটি ঘটেছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। শ্রীমঙ্গল বন্যপ্রাণী ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব জানান, একে একে তিনটি ব্যাগে ঢুকিয়ে বানরটিকে বিক্রি করার জন্য নিয়ে গিয়েছিলেন দুই যুবক। সিংহ জাতের ওই বানরটি ব্যাগের মধ্যেই মারা যায়। ওই দুই যুবক হলেন- কমলগঞ্জের রামেশ্বরপুর গ্রামের নুর মিয়ার ছেলে মুহিত মিয়া (৩৫) ও পাশ্বর্তী হরিচরণ গ্রামের মৃত ময়না শব্দকরের ছেলে জনই শব্দকর (৩৪)। জনই শব্দকর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্র্রামের বশির মিয়া নামে এক ব্যক্তি বানরটিকে বিক্রি করে দেওয়ার জন্য ব্যাগে ঢুকিয়ে তাদের হাতে তুলে দেয়। ওই ব্যাগটিকে আরো দুটি ব্যাগে ঢুকিয়ে শ্রীমঙ্গল নিয়ে যান। সিতেশের ছেলে বন্যপ্রাণী ফাউন্ডেশনের পরিচালক সজল দেব জানান, বানটিকে ব্যাগে দেখে প্রথমে তিনি আঁতকে উঠেন। বানরটি বিক্রির কথা জানালে তিনি তাদের ব্যাগ খুলতে বলেন। ব্যাগ খুলে দেখা যায় বানরটি আর বেঁচে নেই। পরে দু'জনকে আটক করে বনবিভাগের লোকজনকে খবর দেওয়া হয়। মৌলভীবাজার বনবিভাগের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জার একেএম আজহারুল ইসলাম জানান, মৃত বানরটির ময়নাতদন্ত হবে। আর ওই দুই বানর বিক্রেতাকে আসামি করে মামলা করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২১৪৭ ঘ.