২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতাল ঠেকানোর ঘোষণা আ. লীগের

বিরোধী দলের ডাকা হরতালে 'জ্বালাও-পোড়াও ও ভাংচুর' ঠেকাতে 'মাঠে থাকার' ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর আওয়ামী লীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2011, 02:06 PM

Updated : 24 Aug 2022, 04:02 PM

ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলের ডাকা হরতালে 'জ্বালাও-পোড়াও ও ভাংচুর' ঠেকাতে 'মাঠে থাকার' ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর আওয়ামী লীগ। এছাড়া হরতালের সময় নেতাকর্মীদের ওয়ার্ডে ওয়ার্ডে 'পাহারায়' থাকার আহ্বান জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযেগী সংগঠন যুবলীগের সাধারণ সম্পাদক মির্জা আজম। মঙ্গলবার বিকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর কমিটির বর্ধিত সভা শেষে সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, "বৃহস্পতিবার হরতালের নামে যদি কেউ কোনো প্রকার নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করে তাহলে তাকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হবে।" চারদলীয় জোটের অন্যমত শরিক জামায়াতে ইসলামী কর্মীদের 'যানবাহন ভাঙচুর এবং বিশৃঙ্খলা সৃষ্টির' প্রতিবাদে ঢাকা মহানগর আওয়ামী লীগ হরতালের আগের দিন, অর্থাৎ বুধবার বিকালে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে বলেও ঘোষণা দেন তিনি। বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হবে। জ্বালানি তেল ও সিএনজির দাম বৃদ্ধির প্রতিবাদে এবং বিরোধী দলের নেতা-কর্মীদের মুক্তির দাবিতে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে প্রধান বিরোধী দল বিএনপি। চার দলীয় জোটের শরিক জামায়াতে ইসলামী, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ও ইসলামী ঐক্যজোটও একই দাবিতে হরতাল পালনের ঘোষণা দিয়েছে। এই হরতালে বিরোধী দল যাতে 'নৈরাজ্যকর' পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সে বিষয়ে নেতাকর্মীদের সজাগ থাকার আহবান জানান মায়া। সোমবার ঢাকা ও চট্টগ্রামে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও গাড়িতে অগ্নিসংযোগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, "আওয়ামী লীগের কর্মী হয়ে আমরা জামায়াতের ভাংচুর ও বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির অপচেষ্টা কোনোভাবেই মেনে নিতে পারি না। কারণ, দেশবাসী আমাদের দিকে তাকিয়ে আছে। জনগণ চায়- যুদ্ধাপরাধীদের বিচার হোক।" জামায়াত ইসলামী যে কোনো মূল্যে যুদ্ধাপরাধের বিচারকে বানচাল করতে চায় বলেও উল্লেখ করেন মায়া। ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে অন্যদের মধ্যে সাংসদ সানজিদা খানম, সংগঠনের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া ও শেখ বজলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ সেলিম ও আওলাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হক সবুজ, সহ-দপ্তর সম্পাদক সহিদুল ইসলাম মিলন বৈঠকে উপস্থিত ছিলেন। এদিকে বিকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে যুবলীগের এক সমাবেশ থেকে নেতাকর্মীদের হরতালের সময় ওয়ার্ডে ওয়ার্ডে 'পাহারায়' থাকার আহ্বান জানান সংগঠনটির সাধারণ সম্পাদক মির্জা আজম। তিনিও বলেছেন, "হরতালের নামে যারাই ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাবে, তাদের ধরে পুলিশে সোপর্দ করতে হবে।" আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এই সমাবেশে অভিযোগ করেন, তেল-সিএনজির দাম বৃদ্ধির প্রতিবাদে নয়, 'অগ্নিসংযোগ ও লুটপাটকারীদের রক্ষার জন্য' বিএনপিসহ জামায়াত ও সমমনা দলগুলো এই হরতাল ডেকেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/২১৪৪ ঘ.