২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে একজনের যাবজ্জীবন

বাগেরহাটে ইউপি চেয়ারম্যানকে হত্যার দায়ে এক জনের যাবজ্জীবন এবং আরো দুই যুবককে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2011, 12:38 PM

Updated : 24 Aug 2022, 04:02 PM

বাগেরহাট, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটে ইউপি চেয়ারম্যানকে হত্যার দায়ে এক জনের যাবজ্জীবন এবং আরো দুই যুবককে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। বাগেরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. রেজাউল করিম মঙ্গলবার বিকেলে এই রায় দেন। যাবজ্জীবনপ্রাপ্ত নাহিদ ফকির মংলা উপজেলার কাপালীর মেঠ গ্রামের মৃত ইউনুছ ফকিরের ছেলে। সাত বছর দণ্ডপ্রাপ্তরা হলো- মংলা পৌরসভার কলেজ রোড এলাকার শহীদুর রহমানের ছেলে জিয়াউর রহমান এবং খুলনা জেলার দাকোপ উপজেলার বাজুয়া গ্রামের আব্দুল মালেক শিকদারের ছেলে রাজু শিকদার। রাষ্টপক্ষের আইনজীবী সীতা রাণী দেবনাথ জানান, মংলা উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পার্থ প্রতিম রায় পিন্টুকে ২০০৪ সালের ১৪ জানুয়ারি রাতে মংলার দ্বিগরাজ বাজারে সন্ত্রাসীরা বোমা মেরে গুরুতর আহত করে। আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পার্থর মা ডলি রাণী রায় মংলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মংলা থানার উপ-পরিদর্শক আব্দুল কাদের ওই বছরের ৯ জুলাই পাঁচ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। সে সময় আব্দুল হাকিম নামে এক ব্যক্তিকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। সীতা রাণী দেবনাথ জানান, মঙ্গলবার আদালত এক জনকে যাবজ্জীবন ও দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড দেয়। অপর দুই জনকে সাত বছরের সশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মংলার দ্বিগরাজ গ্রামের ইদ্রিস শেখের ছেলে জিয়া শেখকে আদালত বেকসুর খালাস দেয়। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/১৮৩২ ঘ.