২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ক্লিন কুক স্টোভস' জোটের আমন্ত্রণ পেল বাংলাদেশ

বাসা-বাড়ির বায়ুদূষণ কমানো এবং শ্বাস-প্রশ্বাসজনিত রোগের বিস্তার রোধে জাতিসংঘ ফাউন্ডেশনের অধীনে গঠিত 'গ্লোবাল অ্যালায়েন্স ফর ক্লিন কুক স্টোভস' এ যোগ দিতে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2011, 11:16 AM

Updated : 24 Aug 2022, 04:02 PM

ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাসা-বাড়ির বায়ুদূষণ কমানো এবং শ্বাস-প্রশ্বাসজনিত রোগের বিস্তার রোধে জাতিসংঘ ফাউন্ডেশনের অধীনে গঠিত 'গ্লোবাল অ্যালায়েন্স ফর ক্লিন কুক স্টোভস' এ যোগ দিতে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের শার্জ দ্য অ্যাফেয়ার্স নিকোলাস জে. ডিন মঙ্গলবার সচিবালয়ে পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে দেখা করে আমন্ত্রণ বার্তা পৌঁছে দেন। এ সময় ইউএসএআইডির বাংলাদেশ মিশন পরিচালক রিচার্ড গ্রিন তার সঙ্গে ছিলেন। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ নতুন এই জোটে যোগ দিতে হিলারি ক্লিনটনের আমন্ত্রণকে স্বাগত জানান এবং যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেন। হিলারি ক্লিনটন তার বার্তায় বলেছেন, বাসা-বাড়ির ভেতরে বায়ুদূষণ এবং শ্বাস-প্রশ্বাসজনিত রোগের বিচারে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশ বিশ্বের প্রথম ১০টি দেশের মধ্যে রয়েছে। এ কারণে বাংলাদেশের জন্য নতুন এই জোটে যোগ দেওয়া অত্যন্ত জরুরি। স¤প্রতি জাতিসংঘ ফাউন্ডেশনের অধীনে 'গ্লোবাল অ্যালায়েন্স ফর ক্লিন কুক স্টোভস' নামে এই নতুন জোট গঠন করা হয়। বিশ্বের ২৭টি দেশ ইতোমধ্যে এর সদস্য হয়েছে। এ জোটে যোগ দিলে বাংলাদেশ 'উল্লেখ্যযোগ্য সংখ্যক' চুলা পাবে, যেগুলো কালো ধোঁয়া ছড়ায় না। একই সঙ্গে বাসা-বাড়ির ভেতরে বায়ুদূষণ রোধে এবং শ্বাস-প্রশ্বাসজনিত রোগ নিরাময়ে বিভিন্ন সহায়তাও পাওয়া যাবে। শার্জ দ্য অ্যাফেয়ার্স জানান, যুক্তরাষ্ট্র এ জোটের মাধ্যমে ২০২০ সাল নাগাদ বিশ্বব্যাপী ১০ কোটি 'পরিবেশবান্ধব' চুলা দেবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসইউ/১৬৩৪ঘ.