২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াত নয়, পুলিশই দায়ী: ফখরুল

ঢাকাসহ দেশের কয়েকটি স্থানে সোমবারের সংঘর্ষের জন্য পুলিশকে দায়ী করে গ্রেপ্তার জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের মুক্তি দাবি করেছেন বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2011, 10:31 AM

Updated : 24 Aug 2022, 04:02 PM

ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকাসহ দেশের কয়েকটি স্থানে সোমবারের সংঘর্ষের জন্য পুলিশকে দায়ী করে গ্রেপ্তার জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের মুক্তি দাবি করেছেন বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেন, "সোমবার রাজধানীতে জামায়াতে ইসলামীর কর্মীরা ভাংচুর করেছে বলে আমরা মনে করি না। তাদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশের উস্কানিতে এই ভাংচুরের ঘটনা ঘটানো হয়েছে।" নয়া পল্টনের ওই সংবাদ সম্মেলনেই বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেওয়া হয়। সোমবার ঢাকা ও চট্টগ্রামে পুলিশের সঙ্গে জামায়াতে ইসলামীর কর্মীদের সংঘর্ষ ও ভাংচুরের ঘটনা ঘটে। সংঘর্ষে পুলিশের গাড়িসহ অন্তত ১৫টি বাহনে আগুন এবং ২৫টি গাড়ি ভাংচুর হয়। এরপর গ্রেপ্তার করা হয় জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম, প্রচার সম্পাদক তাসনীম আলমকে। ফখরুল চারদলীয় জোটের শরিক জামায়াতের গ্রেপ্তার নেতা-কর্মীদের মুক্তি দাবি করেন। সরকারের সমালোচনা করে তিনি বলেন, "গণতন্ত্রের ওপর ভর করে আওয়ামী লীগ সরকার তাদের স্বৈরাচারী ইচ্ছা পূরণ করছে। একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত নিচ্ছে।" জ্বালানি তেল ও রূপান্তরিত প্রাকৃতিক গ্যাসের (সিএনজি) দাম বৃদ্ধির কারণে দেশের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। তার মতে, দাম বৃদ্ধির কারণে কৃষি, শিল্প, বিদ্যুৎ, ব্যবসা-বাণিজ্য সর্বক্ষেত্রে স্থবিরতা নেমে আসবে। কৃষি উৎপাদন কমে যাবে এবং নিত্য ব্যবহার্য পণ্য ও যানবাহনের ভাড়া বৃদ্ধি পাবে। পুঁজিবাজারের ক্রমবর্ধমান দরপতনের ঘটনা ও বিক্ষুব্ধ বিনিয়োগকারীদের ওপর পুলিশি নির্যাতন ও মামলা দায়েরের সমালোচনা করে গ্রেপ্তারকৃতদের মুক্তি দাবি করেন ফখরুল। সংবাদ সম্মেলনে বিএনপি নেতাদের মধ্যে ছিলেন- তরিকুল ইসলাম, শামসুজ্জামান দুদু, রুহুল কবির রিজভী, ফজলুল হক মিলন, এম ইলিয়াস আলী, মশিউর রহমান, হারুন অর রশীদ, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নাজিমউদ্দিন আলম, আবদুস সালাম, খায়রুল কবির খোকন, হাবিবউন নবী খান সোহেল, শিরিন সুলতানা প্রমুখ। যোগদান সংবাদ সম্মেলনের আগে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি আবুল হাশেমের নেতৃত্বে এক দল নেতা-কর্মী ফখরুলের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগ দেয়। এ সময় উপস্থিত ছিলেন ওই এলাকার সাবেক সংসদ সদস্য শাহ নুরুল কবির শাহিন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সভাপতি আফজাল এইচ খান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/এমআই/১৪২২ ঘ.