নারায়ণগঞ্জ, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জে নিজের কোম্পানির বাসের ধাক্কায় সন্তানসহ নিহত হয়েছেন এক চালক। নিহতরা একটি টেম্পুতে ছিলেন।
মঙ্গলবার সকাল ৮টায় সিদ্ধিরগঞ্জের সাইলো এলাকায় নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত বাসচালক হলেন বাদল মিয়া (৪৮), তার সন্তানের নাম হিরা মিয়া (১৮)। ওই দুর্ঘটনায় সুলতা বিশ্বাস (৪২) ও সুজন (২২) নামে আরো দুজন নিহত এবং সাত জন আহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নারায়ণগঞ্জ থেকে শিমরাইলগামী টেম্পুটি সিদ্ধিরগঞ্জের সাইলো এলাকায় পৌঁছলে বিপরীতমুখী কোমল পরিবহনের একটি বাসের সঙ্গে এর সংঘর্ষ হয়।
এতে টেম্পুটি দুমড়ে-মুচড়ে এর যাত্রী বাদল মিয়া ঘটনাস্থলেই মারা যান বলে সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল আলম মোল্লা জানিয়েছেন।
হিরা মিয়া ও সুজনের মৃত্যু হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সুলতা মারা যান নারায়ণগঞ্জ ২শ' শয্যার হাসপাতালে।
পুলিশ জানিয়েছে, নিহত বাদশা মিয়া বাস চালাতেন।
বাসটি আটক করা হলেও এর চালক পলাতক বলে ওসি জানান।
নিহত বাদলের ফুফু শাহানা বেগম সাংবাদিকদের জানান, বাদল কোমল পরিবহনেরই বাস চালাতেন। আর ছেলে হিরা বাবার সঙ্গে বাসের হেলপারের কাজ করতেন।
সকালে কাজে যাওয়ার উদ্দেশ্যে তারা সিদ্ধিরগঞ্জ পুল থেকে টেম্পুতে করে আদমজী এলাকায় যাচ্ছিলেন বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭১৩ ঘ.
bdnews24