২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ল্যাবএইডে রোগীর মৃত্যুর পর সড়ক অবরোধ

রাজধানীর ল্যাবএইড হাসপাতালে এক রোগীর মৃত্যুর পর তার স্বজনদের অবরোধে সোমবার সকালে মিরপুর রোডে যান চলাচল ব্যাহত হয়। তবে পুলিশের হস্তক্ষেপে আধা ঘণ্টার মধ্যে যান চলাচল স্বাভাবিক হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2011, 01:10 PM

Updated : 24 Aug 2022, 04:01 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ল্যাবএইড হাসপাতালে এক রোগীর মৃত্যুর পর তার স্বজনদের অবরোধে সোমবার সকালে মিরপুর রোডে যান চলাচল ব্যাহত হয়। তবে পুলিশের হস্তক্ষেপে আধা ঘণ্টার মধ্যে যান চলাচল স্বাভাবিক হয়। ধানমণ্ডি থানার ওসি মো, মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চিকিৎসায় অবহেলার কারণে মৃত্যু হয়েছে- অভিযোগ তুলে সকাল ৮টার দিকে মৃত এক ব্যক্তির আত্মীয় স্বজন সাইন্স ল্যাবরেটরি এলাকায় সড়কে নেমে আসে। এতে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ গিয়ে অবরোধকারীদের তুলে দিলে সাড়ে ৮টা থেকে ওই সড়কে গাড়ি চলাচল স্বাভাবিক হয়। ল্যাবএইড কর্তৃপক্ষ জানিয়েছে, মৃত মো. নিয়াজ (২৫) মটরসাইকেল দুর্ঘটনায় মেরুদণ্ডে গুরুতর আঘাত পেয়ে গত ১৬ সেপ্টেম্বর ল্যাবএইড হাসপাতালে ভর্তি হন। তিনি রাজধানীর বংশাল এলাকার ১৯ হাজী আব্দুল সরকার লেনের বাসিন্দা ছিলেন। নিয়াজের বন্ধু আনোয়ার করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৬ তারিখ বিকালে মটরসাইকেল দুর্ঘটনায় আহত হয় নিয়াজ। প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর রাত সাড়ে ১০টার দিকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। "ল্যাবএইডের চিকিৎসকরা নিয়াজের চিকিৎসায় অবহেলা করেন। রোগীর অবস্থা সম্পর্কেও আমাদের সঠিক তথ্য দেননি তারা।" তবে আনোয়ারের অভিযোগ নাকচ করে ল্যাবএইড হাসপাতাল সমন্বয়ক রাশেদুজ্জামান ভূঁইয়া বলেন, "নিয়াজের চিকিৎসায় কোনো ধরনের অবহেলা ছিলো না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, দুই পা অবশ এবং কোমরে ব্যথা নিয়ে নিয়াজ হাসপাতালে নিউরো সার্জন শাহিরিয়ার সাবেরের অধীনে ভর্তি হয়েছিলেন। চিকিৎসকরা পরীক্ষা করে দেখেন, তিনি স্পাইনাল কর্ডে আঘাত পেয়েছেন। "রোববার দুপুর আড়াইটা থেকে নিয়াজের অস্ত্রোপচার শুরু হয়ে রাত সাড়ে ১০টা পর্যন্ত চলে। রাত দুইটার দিকে তিনি মারা যান।" সকাল ১০টায় নিয়াজের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয় বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কিউএইচ/এএইচ/১৮১৩ঘ.