বাগেরহাট, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দশদিন আগে বঙ্গোপসাগর থেকে অপহৃত ৩০ জেলের মধ্যে সাতজন রোববার ফিরে এসেছেন।
জাতীয় মৎস্যজীবী সমিতি শরণখোলা উপজেলা শাখার সভাপতি মো. আবুল হোসেন সোমবার বিকালে এ খবর নিশ্চিত করেছেন।
এর আগে ট্রলার মালিক ও মহাজনরা দাবি করেছিলেন, দস্যুরা অন্তত পঞ্চাশ জন জেলেকে অপহরণ করেছিল। কিন্তু ফিরে আসা জেলেরা বলছে, অপহরণ করেছে ৩০ জেলেকে।
গত ১০ সেপ্টেম্বর সাগরে মাছ ধরতে যাওয়া বিভিন্ন ট্রলার থেকে মাঝি ও জেলেদের ধরে নিয়ে যায় জলদস্যুরা।
ফিরে আসাদের মধ্যে রয়েছেন আব্দুল খালেক, মিজানুর রহমান, ছরোয়ার হোসেন, জামাল হোসেন, মনির হোসেন, শাহজাহান ও দুলাল হোসেন।
এরমধ্যে পাঁচজনের বাড়ি বাগেরহাটের শরণখোলা উপজেলার বিভিন্ন গ্রামে। অপর দুই জনের বাড়ি পিরোজপুরের পাড়ের হাট ও তুষখালী গ্রামে।
ফিরা আসা মাঝি ও জেলেরা জানিয়েছেন, অপহৃতদের মধ্যে ২৩ জন এখনো দস্যুদের হাতে আটক আছেন। সুন্দরবনে তাদের আটকে রেখেছে বলে জানান তারা।
তবে তারা ওই এলাকাটি চিনতে পারেননি বলে জানান।
ফিরে আসা জেলেদের বরাত দিয়ে মৎস্যজীবী নেতা মো. আবুল হোসেন জানান, মুক্তিপণ পাওয়ার পর দস্যুরা রোববার ভোরে চোখ বেঁধে এই সাতজনকে খুলনা শহরে এনে ছেড়ে দেয়। পরে তারা বিভিন্ন মাধ্যমে বাড়ি ফিরে যান।
তবে মুক্তিপণ হিসেবে কে কত টাকা দিয়েছে তা তিনি জানাতে পারেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮০০ ঘ.
bdnews24