চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের মিরসরাইয়ে দুর্ঘটনায় আহত আবু তোরাব উচ্চ বিদ্যালয়ের আরো এক শিক্ষার্থী ঢাকার অ্যাপোলো হাসপাতালে মারা গেছে। এ নিয়ে ওই দুর্ঘটনায় নিহতের সংখ্যা ৪৩ জন হলো।
সোমবার সকালে অ্যাপোলো হাসপাতালের চিকিৎসকরা জুয়েল বড়–য়া নামে ওই শিক্ষার্থীকে মৃত ঘোষণা করেন।
অষ্টম শ্রেণীর ছাত্র জুয়েল পূর্ব মায়ানির ভদ্র সেন বড়–য়ার ছেলে। গত ৭ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য জুয়েলসহ তিন শিক্ষার্থীকে ঢাকায় আনা হয়। তবে এর আগে এক জনের মৃত্যু হয়।
মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরদিন (৮ সেপ্টেম্বর) থেকেই জুয়েলকে চিকিৎসকরা ক্লিনিক্যালি ডেড ঘোষণা করেন। তখন থেকেই তাকে লাইফসাপোর্ট দিয়ে বাঁচিয়ে রাখা হয়।
তিনি বলেন, "সকাল ৯ টা ৫০ মিনিটের দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। সে মেনিনিজাইটিসে ভুগছিলো।"
জুলেলের মঙ্গে ঢাকায় আনা রায়হানউদ্দিন শুভ গত ৮ সেপ্টেম্বর মারা যান। নয়ন শীল এখনো অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এবং উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিনের আর্থিক সহায়তা ও তত্ত্বাবধানে উন্নত চিকিৎসার জন্য এ তিন জনকে ভারতে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছিলো।
মিরসরাই উপজেলার মায়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির আহমদ নিজামী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জুয়েলের লাশ বিকালের মধ্যেই ঢাকা থেকে আনার ব্যবস্থা করা হয়েছে।
গত ১১ জুলাই মিরসরাইয়ের বড়তাকিয়া-আবু তোরাব বাজার সংযোগ সড়কের সৈদালী নামক স্থানে একটি ছোট ট্রাক উল্টে ঘটনাস্থলেই ৩৯ জনের মৃত্যু হয়। এরপর আহত কয়েক জন মারা যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/কিউএইচ/এমআই/১৩৫০ ঘ.
bdnews24