মাগুরা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কানাডায় দুকোটি ডলার আত্মাসাতে অভিযুক্ত মঞ্জুরের বিরুদ্ধে প্রতারণার মামলা না নিলেও তাকে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দিয়েছে বাংলাদেশ পুলিশ।
মঞ্জুরের গ্রামের বাড়ি মাগুরার শ্রীপুরের বাসিন্দারা বলছেন, মঞ্জুর মোরশেদ দেশে অর্থ আত্মসাৎ করে ভারতে পাড়ি দেন। পরে সেখান থেকে যান দুবাই, তারপর সৌদী আরবে। সবশেষ পাড়ি জমান কানাডার টরন্টোতে।
বৃহস্পতিবার কানাডার শীর্ষস্থানীয় দৈনিক টরন্টো স্টারে এক প্রতিবেদনে বলা হয়- এক হাজারের বেশি ফ্ল্যাট মালিকের অজ্ঞাতসারে তাদের নামে বিভিন্ন ব্যাংক থেকে মঞ্জুর মোরশেদ দু কোটি ডলারের বেশি ঋণ নিয়ে কয়েক সপ্তাহ আগে বাংলাদেশে পালিয়ে আসেন।
এই ঘটনায় কানাডায় তার নামে ৩১ লাখ ডলারের মামলাও করে একটি কোম্পানি।
রোববার মাগুরার শ্রীপুর উপাজেলার তারাউজিয়াল গ্রামে সরেজমিনে গিয়ে দেখা যায়, নিজ বাড়ির ভিতরে মঞ্জুর মোরশেদ দুটি বিলাসবহুল বাড়ি ও একটি আলিশান মসজিদ নির্মাণ করেছেন। এর মধ্যে একটি অট্টালিকা ও মসজিদের কাজ এখনো চলছে।
৮৩ লাখ টাকার প্রতারণা
তারাউজিয়াল গ্রামের মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম রাজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৯৮৪ সালে সৌদি আরবে ৫৫০ জন বাংলাদেশি শ্রমিক নিয়োগের জন্য মঞ্জুর মোরশেদের 'এরাবিয়ান বসুন্ধরা এক্সপ্রেস লিমিটেড কোম্পানি'র সঙ্গে তার চুক্তি হয়।
"মঞ্জুর মোরশেদ এসব শ্রমিককে বিদেশে না পাঠিয়ে প্রায় চার লাখ ১৫ হাজার সৌদি রিয়াল অথাৎ ৮৩ লাখ টাকা আত্মসাৎ করেন।"
বিষয়টি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে জানানো হয় সে সময়। কিন্তু কোথাও তাকে পাওয়া যায়নি।
এক পর্যায়ে শহীদুল ইসলাম খোঁজ নিয়ে জানতে পারেন, মঞ্জুর মোরশেদ ভারতে আত্মগোপন করে আছেন।
পরে ভারতে গিয়ে পাওনা টাকা আদায়ের চেষ্টা করলে মঞ্জুর মোরশেদ তাকে হত্যার চেষ্টা করেন বলে দাবি করেন শহীদুল।
তিনি বলেন, "মঞ্জুর মোরশেদ ভারতে এ্যাপার্টমেন্ট ব্যাবসায় জড়িত ছিলেস। সেখান থেকেও অসংখ্য মানুষের টাকা হাতিয়ে তিনি দুবাই ও পরে সৌদি আরব চলে যান।"
থানা মামলা নেয়নি
গত রমজানে দেশে এসেছিলেন মঞ্জুর- এ তথ্য জানিয়ে শহীদুল বলেন, তিনি তার টাকা আত্মসাতের ঘটনায় মঞ্জুর দেশে থাকা অবস্থায় থানায় প্রতারণা মামলা করতে গিয়েছিলেন।
"কিন্তু থানা সেই মামলা নেয়নি। এই টাকা আত্মসাতের ঘটনা আমার সারা জীবনের দায়। এই ঘানি এখনো আমাকে টানতে হচ্ছে।"
'৫/৭ দিন আগে অস্ত্রের লাইসেন্স পেয়েছেন'
টরেন্টোর পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, মঞ্জুর মোরশেদ দেশে ফিরে এসেছেন। কিন্তু এ ব্যাপারে তার পরিবারের লোকজন কোনো কথা বলছে না। এমনকি থানা-পুলিশও এ ব্যাপারে পালন করছে নীরব ভূমিকা।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সম্প্রতি মঞ্জুর মোরশেদ একটি ব্রাজিলের তৈরি ৩২ বোরের একটি পিস্তল ও একটি শট গানের লাইসেন্স পেয়েছেন। ৫/৭ দিন আগে এ দুটি অস্ত্রের নিবন্ধন করতে তিনি থানায় এসেছিলেন।"
তবে এর বেশি কিছু জানাতে অপারগতা প্রকাশ করেন এসআই।
মঞ্জুর মোরশেদ খানের গ্রামের বাড়িতে তার দুই ভাই আকরামুল হাসান তপন ও ফয়সাল আজম স্বপন বসবাস করেন। তবে কথা বলার জন্য গ্রামের বাড়িতে কাউকেই পাওয়া যায়নি।
নিজেকে মঞ্জুর মোরশেদের চাচাতো ভাই পরিচয় দানকারী প্রতিবেশী আকিদুল আযম খান জিহাদ ও দূর সম্পর্কের ভাতিজা তসলিম জামান জানান, মঞ্জুর মোরশেদ দীর্ঘদিন ধরে কানাডায় বসবাস করেন এবং সেখানেই ব্যবসা-বাণিজ্য করেন।
প্রতারণার ব্যাপারে বা তিনি এখন কোথায় আছেন এ ব্যাপারে তারা কিছু জানেন না বলে জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/পিডি/০১০৬ ঘ.
bdnews24