২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিরাপত্তাহীনতায় বাড়ি ফিরছেন না লিমন

র‌্যাবের কথিত বন্দুকযুদ্ধে পা হারানো কলেজছাত্র লিমন হোসেন জাতীয় মানবাধিকার কমিশন চেয়ারম্যানকে বলেছেন, নিরাপত্তার অভাবে তিনি বাড়ি ফিরতে পারছেন না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2011, 04:22 PM

Updated : 24 Aug 2022, 04:00 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- র‌্যাবের কথিত বন্দুকযুদ্ধে পা হারানো কলেজছাত্র লিমন হোসেন জাতীয় মানবাধিকার কমিশন চেয়ারম্যানকে বলেছেন, নিরাপত্তার অভাবে তিনি বাড়ি ফিরতে পারছেন না। কমিশন চেয়ারম্যান ড. মিজানুর রহমানের সঙ্গে রোববার দেখা করে এ কথা বলেন লিমন। কৃত্রিম পায়ে হেঁটে চেয়ারম্যানের কমিশন কার্যালয়ে গিয়ে দেখা করেন লিমন। এসময় তার বাবা তোফায়েল হোসেন ও মা হেনোয়ারা বেগম সঙ্গে ছিলেন। গত ২৩ মার্চ ঝালকাঠীর রাজাপুরে র‌্যাবের গুলিতে আহত হন উচ্চ মাধ্যমিকের ছাত্র লিমন। পরে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হলে তার একটি পা কেটে ফেলতে হয়। লিমনের দাবি, র‌্যাব সদস্যরা তাকে ধরে নিয়ে গুলি করেছে। অন্যদিকে র‌্যাব বলছে, লিমন সন্ত্রাসীদের সহযোগী। ২৯ অগাস্ট সাভারের সেন্টার ফর ডিজঅ্যাবিলিটি ইন ডেভেলেপমেন্ট (সিডিডি) থেকে লিমনের কৃত্রিম পা সংযোজন করা হয়েছে। লিমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, র‌্যাবের দুটি মামলা এখনো নিষ্পত্তি হয়নি। এছাড়া কৃত্রিম পা সংযোজন করা হলেও বাড়ি ফিরতে নিরাপত্তা পাচ্ছেন না বলে তিনি মানবাধিকার কমিশনের চেয়ারম্যানকে জানিয়েছেন। র‌্যাবের সোর্স হিসেবে পরিচিত মানিক জোয়ার্দার, দিলীপ খন্দকার, ইব্রাহিম ও বাদশা এখনো তার পরিবারের সদস্যদের বিভিন্নভাবে হুমকি দিচ্ছে বলে লিমন মিজানুরকে জানান। এ সময় মিজানুর লিমনকে বলেন, আমরা তোমার পাশে আছি। তোমাকে সব ধরনের আইনি সহায়তা দেওয়া হবে। র‌্যাবের মামলার বিষয়ে মানবাধিকার কমিশন চেয়ারম্যান বলেন, "নিু আদালত থেকেই মামলা দুটি প্রত্যাহার হয়ে যাবে বলে আশা করছি। কারণ তোমার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি।" গ্রামের বাড়িতে লিমনের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট এলাকার ওসি ও এসপিকে কমিশনের পক্ষ থেকে চিঠি পাঠানো হবে বলে লিমনকে জানান মিজানুর। লিমনের সঙ্গে দেখা করে মিজানুর সাংবাদিকদের বলেন, "এখন পর্যন্ত সরকারি কোনো তদন্তেই লিমনের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি।" লিমনের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও সাজানো দুটি মামলা দায়ের করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, নিু আদালত থেকে লিমন ন্যায়বিচার না পেলে মানবাধিকার কমিশনের সভার সিদ্ধান্ত অনুযায়ী উচ্চ আদালতে লিমনকে সব রকম আইনি সহায়তা দেওয়া হবে। লিমনের বিরুদ্ধে দুটি মামলা করেছে র‌্যাব। অন্যদিকে লিমনের মা হেনুয়ারা বেগম গত ১০ এপ্রিল র‌্যাবের ছয় সদস্যের বিরুদ্ধে একটি হত্যাচেষ্টা মামলা করেন। আদালতের নির্দেশে গত ৩ মে লিমনকে ঝালকাঠি জেলে পাঠানো হয়। গত ৫ মে লিমনকে ছয় মাসের জামিন দেয় হাইকোর্ট। জামিনের তিন দিন পর বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালের প্রিজন সেল থেকে মুক্তি পান লিমন। বুকে ব্যাথা অনুভব করায় গত ৯ জুন পঙ্গু হাসপাতাল ছেড়ে ধানমণ্ডির গণস্বাস্থ্যনগর হাসপাতালে ভর্তি হন লিমন। বর্তমানে সেখানেই লিমনের চিকিৎসা চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/পিডি/২২০০ ঘ.