২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের স্বার্থ রক্ষা করছে সরকার: তরিকুল

সরকার ভারতের স্বার্থ রক্ষায় কাজ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2011, 02:34 PM

Updated : 24 Aug 2022, 04:01 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার ভারতের স্বার্থ রক্ষায় কাজ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম। রোববার সন্ধ্যায় এক আলোচনা সভায় তিনি বলেন, "জনগণকে মিথ্যা স্বপ্ন দেখিয়ে ভারতের পদলেহন করে এই সরকার ক্ষমতায় বসেছে। তারা দেশকে অন্যদেশের মুখাপেক্ষী করে ফেলছে। এটা রুখতে আন্দোলনে নামার আর কোনো পথ নেই।" এ জন্য আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাতে খালেদা জিয়ার নেতৃত্বে আরেকবার 'যুদ্ধে নামতে' দেশবাসীর প্রতি আহবান জানান তিনি। জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের উদ্যোগে সাবেক শিক্ষা উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুর মুক্তির দাবিতে এই আলোচনা সভা হয়। ২১ অগাস্টের গ্রেনেড হামলা মামলায় পিন্টু ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন। সরকারকে 'ব্যর্থ' দাবি করে সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম বলেন, "বাজারে কথা আছে- প্রধানমন্ত্রী মতিয়া চৌধুরী, আবুল মাল আবদুল মুহিতসহ বামপন্থিদের নিয়ে দেশ চালাচ্ছেন। অথচ একদিন এই মতিয়া চৌধুরীরাই প্রধানমন্ত্রীর বাবা শেখ মুজিবুরের গায়ের চামড়া তুলে নিয়ে ডুগডুগি বাজানোর ঘোষণা দিয়েছিলেন। আওয়ামী লীগরা নিজেদের লোক ছাড়া অন্য কাউকেই বিশ্বাস করে না।" সংগঠনের সভাপতি অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/১৯১৮ ঘ.