২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় পুলিশ ইন্সপেক্টর নিহত

রাঙামাটি ও বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় রোববার এক পুলিশ পরিদর্শকসহ দু'জন নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2011, 02:29 PM

Updated : 24 Aug 2022, 04:01 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটি ও বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় রোববার এক পুলিশ পরিদর্শকসহ দু'জন নিহত হয়েছেন। রাঙামাটি প্রতিনিধি জানান, বেলা ১২টার দিকে জেলা শহরের পৌর ট্রাক টার্মিনাল এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। হাসপাতালে নেওয়ার পথে রাঙামাটি কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল করিম সরকারের (৪৮) মৃত্যু হয়। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ভদ্রপাশা গ্রামে। রাঙামাটির পুলিশ সুপার মাসুদ-উল হাসান জানান, থানা থেকে এক সহকর্মীসহ মোটরসাইকেলে বনরূপা যাচ্ছিলেন আব্দুল করিম। ট্রাক টার্মিনাল এলাকায় বিপরীতমুখী একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে তিনি পেছনের সিট থেকে ছিটকে পড়ে যান। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। বাগেরহাট প্রতিনিধি জানান, বেলা ১২টার দিকে বাগেরহাট-পিরোজপুর সড়কের বহরবুলা এলাকায় যাত্রীবাহী বাস চাপায় নিহত হন আখ ব্যবসায়ী বজলুর রহমান (৫০)। দুর্ঘটনার পর ওই সড়কে আধঘণ্টারও বেশি সময় যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত বজলুর রহমান মোরেলগঞ্জ উপজেলার গোবিন্দপুর গ্রামের কাছেম আলী শেখের ছেলে। মোরেলগঞ্জ থানার ওসি আব্দুল খালেক জানান, বজলুর রহমান ভ্যানে করে আখ নিয়ে বাড়ি যাচ্ছিলেন। পথে একটি যাত্রীবাহী একটি বাস ভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দিলে বজলু ভ্যান থেকে ছিটকে বাসের নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য যানজট সৃষ্টি হয় বলেও তিনি জানান। লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বাসটি আটক করা হয়েছে তবে চালক পলাতক রয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৮৫৪ ঘ.