মৌলভীবাজার, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারে ডাকাতিতে ব্যবহৃত একটি প্রাইভেট কার ও অস্ত্রসহ সাত ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তাদের কাছ থেকে পাঁচটি রামদা, সাড়ে ২৩ হাজার টাকা ও ডাকাতি করা একটি সিএনজি আটোরিকশার ইঞ্জিনও উদ্ধার করা হয়েছে।
তারা হলেন- মৌলভীবাজার সদর উপজেলার আথানগিরি গ্রামের শেখ আব্দুল ওয়াহিদ (৩৪), মাছুম মিয়া (৩২), আপার কাগাবলা গ্রামের রুমন মিয়া (২৫), হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার নিদনপুর গ্রামের রকিুল ইসলাম (৩৮), দেবপাড়া গ্রামের রাসেল আহমদ (২২), সাতগাঁও গ্রামের ছনর আলী (২১) ও সাতহাল গ্রামের শিপন মিয়া (২৫)।
মৌলভীবাজার মডেল থানার ওসি অমূল্য কুমার চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার রাত ২টার দিকে সদর উপজেলার কাগাবলা গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।
"গ্রেপ্তারকৃত সবাই আন্তঃজেলা ডাকাতদলের সদস্য। বাসা-বাড়িতে ডাকাতির পাশাপাশি তারা সিএনজি আটোরিকশা, প্রাইভেট কার ও মোটরসাইকেল ছিনতাইয়ের সঙ্গে জড়িত।"
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাত সদস্যরা মৌলভীবাজার জেলা থেকে এ পর্যন্ত ৫০ থেকে ৬০ টি বিভিন্ন ধরনের যানবাহন ছিনতাই করেছে বলে স্বীকারোক্তি দিয়েছে বলেও জানান ওসি অমূল্য কুমার চৌধুরী।
বিডিনিউজ টোয়ৈন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এএল/১৭২৯ ঘ.
bdnews24