সিরাজগঞ্জ, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জে ৩৪২টি নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ চার যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
তারা হলেন- সিরাজগঞ্জ শহরের হোসেনপুর মহল্লার সেলিম তালুকদারের ছেলে রিপন, মোফাজ্জল হোসেনের ছেলে আনোয়ার হোসেন, সেলিম সেখের ছেলে লিখন ও সলঙ্গা থানার চড়িয়াশিকা দক্ষিণপাড়া গ্রামের আবুবকর খানের ছেলে আব্দুল মজিদ।
শনিবার সকালে শহরের বাজার স্টেশন রোডে অবস্থিত আবাসিক হোটেল জুয়েল গেস্ট হাউস থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক আবু সাঈদ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সূত্রে খবর পেয়ে র্যাবের সদস্যরা জুয়েল গেস্ট হাউসে অভিযান চালায়। হোটেলের ৪ নম্বর কক্ষ থেকে ৩৪২টি ইয়াবা ট্যাবলেটসহ ওই চার যুবককে গ্রেপ্তার করা হয়।
তাদের বিরুদ্ধে মামলা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা সাঈদ জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৫০ ঘ.
bdnews24