২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগর থেকে হতাশা নিয়ে ফিরছে জেলেরা

ইলিশের মৌসুমেও প্রত্যাশা অনুযায়ী মাছ ধরা পড়েনি, তার ওপর আবহাওয়া বিরূপ- তাই বিরস বদনেই সাগর থেকে ফিরতে হচ্ছে জেলেদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2011, 10:39 AM

Updated : 24 Aug 2022, 04:00 PM

বরগুনা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইলিশের মৌসুমেও প্রত্যাশা অনুযায়ী মাছ ধরা পড়েনি, তার ওপর আবহাওয়া বিরূপ- তাই বিরস বদনেই সাগর থেকে ফিরতে হচ্ছে জেলেদের। বৈরী আবহাওয়ার কারণে শুক্রবার দুপুর থেকে পাঁচ শতাধিক মাছ ধরা ট্রলার পাথরঘাটা মৎস্য বন্দরে নোঙর করে আছে। যারা গিয়েছিলো সাগরে, টিকতে না পেরে তারাও ফিরে আসছে। উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর সঞ্চারণশীল মেঘমালার কারণে সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্কতা সঙ্তে দেখাতে বলা হয়েছে। মাছ ধরা নৌকা ও ট্রলারগুলোকে বলা হয়েছে নিরাপদ আশ্রয়ে থাকতে। ট্রলার মালিক ও জেলেরা জানিয়েছে, কয়েকদিন ধরেই জালে মাছ উঠছিলো না। এর সঙ্গে বিরূপ আবহাওয়া যোগ হওয়ায় জেলে পল্লীতে হতাশা নেমেছে। বরগুনা, পাথরঘাটা, আমতলী, তালতলীসহ উপকূলীয় এলাকায় প্রায় ৪০ হাজার মৎস্যজীবী পরিবার রয়েছে। জেলেরা জানায়, ঋণ নিয়ে জ্বালানি তেল, কয়েকদিনের খাবারসহ প্রায় ২৫/৩০ হাজার টাকা খরচ করে ইলিশ ধরার উদ্দেশ্যে সাগরে গিয়েও খালি হাতেই ফের ফিরে আসতে হচ্ছে জেলেদের। মৎস্যজীবী এ পরিবারগুলো সারা বছর অপেক্ষা করে থাকে ইলিশের মৌসুমের। এ সময়ের উপার্জন দিয়েই বছরের কিছুটা সময় সচ্ছলতার মুখ দেখে পরিবারগুলো। পাথরঘাটার মৎস্য ব্যবসায়ী সগীর হোসেন সাংবাদিকদের বলেন, ভরা মৌসুমে পাথরঘাটা মৎস্য বন্দরে প্রতি বছর প্রায় কোটি টাকার ইলিশ বেচাকেনা হতো। এখন ১০/১৫ লাখ টাকারও ইলিশ বেচাকেনা হয় না। জেলেদের কাছে ব্যবসায়ীদের পাওনার কথা জানানোর সঙ্গে সঙ্গে তিনি বলেন, "কিন্তু এসব জেলেদের ঘরে এখন খাবারও নেই।" বরগুনা জেলা ট্রলার শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল মান্নান বলেন, "অধিকাংশ জেলে পরিবারে রান্না হচ্ছে না বললেই চলে। অনাহারে তাদের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে।" জেলেদের জালে মাছ ধরা না পড়ায় বুধবার পাথরঘাটা মৎস্য বন্দরে দোয়া-মোনাজাতও হয়। বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, আবহাওয়া ভালো না হলে জেলেরা সাগরে যেতে পারবে না। তার অপেক্ষাই এখন চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১৬৪৪ ঘ.