চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফেঅর ডটকম)- চট্টগ্রামের চার প্রবীণ সাংবাদিককে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।
অনুদানপ্রাপ্ত চার সাংবাদিক হলেন- ওবায়দুল হক, নাসির উদ্দিন চৌধুরী, নুর মোহাম্মদ রফিক ও প্রদীপ দেওয়ানজী।
শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ড. হাছান মাহমুদ প্রত্যেককে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দুই লাখ টাকার চেক প্রদান করেন।
হাছান মাহমুদ বলেন, চট্টগ্রাম থেকে প্রকাশিত সংবাদপত্রগুলোকে জাতীয়ভাবে প্রচারের উদ্যোগ নেওয়া দরকার। কারণ চট্টগ্রামের কোনো-কোনো সংবাদপত্রের প্রচারসংখ্যা ঢাকা থেকে প্রকাশিত অনেক সংবাদপত্র থেকে বেশি।
"চট্টগ্রামের সংবাদপত্র ও সাংবাদিকতার মান জাতীয় পর্যায়ে অত্যন্ত উন্নত। তাই এগুলোকেও জাতীয় পত্রিকা হিসেবে মূল্যায়ন করা প্রয়োজন।"
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের কল্যাণ তহবিলে আর্থিক আনুদান দেয়ার ঘোষণাও দেন হাছান মহিমুদ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি আবু সুফিয়ান ও সাধারণ সম্পাদক রাশেদ রউফ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদ উল আলম ও সাধারণ সম্পাদক নাজিমুদ্দীন শ্যামল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১৫১৪ ঘ.
bdnews24