চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টানা দুদিনের বৃষ্টিতে বন্দর নগরী চট্টগ্রামের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টির পাশাপশি বন্দরে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
বৃহস্পতিবার দুপুর থেকে এখন পর্যন্ত নগরীতে টানা বৃষ্টি হচ্ছে। রাতে অবিরাম এবং শুক্রবার দিনে কয়েক দফা ভারী বৃষ্টিতে নগরীর মুরাদপুর, মোহাম্মদপুর, কাপাসগোলা, বাদুরতলা, বাকলিয়া, হালিশহর, আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা, চকবাজার, কাতালগঞ্জ, বহদ্দারহাটসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
মুরাদপুর, বাকলিয়া ও কাতালগঞ্জ এলাকার কিছু বসতবাড়িতেও পানি জমেছে।
মির্জারপুল এলাকার বাসিন্দা আব্দুর রহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে প্রবল বৃষ্টি হয়েছে। সকালে উঠে দেখি ঘরে পানি ঢুকে গেছে।
পতেঙ্গা আবহাওয়া দপ্তরের অপারেটর সঞ্জয় বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার বেলা ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১০৭ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছেন তারা।
উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর সঞ্চালনশীল মেঘমালার কারণে অবিরাম বৃষ্টিপাত হচ্ছে বলে জানান তিনি।
চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কিছু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। প্রকৌশলী বিভাগের মোট ১৭৫ জন কর্মী পানি অপসারণের কাজ করছে।"
বৃষ্টি চলতে থাকলে জলাবদ্ধতা আরো বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃষ্টির জন্য জাহাজ থেকে খোলা পণ্য উঠা- নামার কাজ ব্যাহত হচ্ছে। তবে কন্টেইনার উঠা-নামা স্বাভাবিকভাবে চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এএইচ/জেকে/১৯২০ ঘ.
bdnews24