ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বেশ কিছু সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে 'উদ্দেশ্যপ্রণোদিতভাবে' ইসলামকে জড়িয়ে ফেলায় ইসলামের ভাবমূর্তি ক্ষুণœ হচ্ছে বলে মন্তব্য করেছেন স্পিকার আবদুল হামিদ।
বৃহস্পতিবার 'সন্ত্রাসবাদের বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টি : আলেম সমাজের দায়িত্ব ও অবদান' শীর্ষক এক সেমিনারে তিনি বলেন, কিছু সংখ্যক বিপথগামী, ধর্মান্ধ এবং মৌলবাদীর সন্ত্রাসী ও অপকর্মের দায় শান্তির ধর্ম ইসলামের ওপর চাপানো ঠিক হবে না।
সন্ত্রাসবাদ, মৌলবাদ ও অপসংস্কৃতির বিরুদ্ধে জনমত গড়ে তুলতে ইসলামী চিন্তাবিদ, সুশীল সমাজ ও আলেম সমাজের প্রতিনিধিদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
সেমিনারে ভারতের জমিয়তে ওলামায়ে হিন্দের সভাপতি এবং দেওবন্দ মাদ্রাসার উপ-উপাচার্য আল্লামা ক্বারী মো. ওসমান, সৌদি আরবের মক্কা নগরীর মুফতি আল্লামা সায়েক আব্দুল হাফিজ মালিক প্রমুখ বক্তব্য দেন।
"কেউ কেউ ইসলামের জিহাদের বিষয়টিকে সন্ত্রাসবাদের সঙ্গে গুলিয়ে ফেলার অপপ্রয়াস চালাচ্ছে," উল্লেখ করে আবদুল হামিদ বলেন, "অথচ সন্ত্রাসবাদের সঙ্গে ইসলামী আদর্শের কোনো সম্পর্ক নেই। জেহাদ ও সন্ত্রাসবাদ এক নয়। উভয়ের মাঝে যোজন যোজন ব্যবধান।"
এ বিষয়ে গণমাধ্যমকেও ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে আসার আহবান জানান তিনি।
ঢাকায় ওসমানি মিলনায়তনে ইসলামী গবেষণা পরিষদ আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন শারইয়্যাহ'র প্রিন্সিপাল হযরত আল্লামা কাজী মু'তাসিম বিল্লাহ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআরআর/এএইচ/পিডি/০০১৬ ঘ.
bdnews24