ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর চার বছরে রাজস্ব আদায় দ্বিগুণ করার আশা করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বৃহস্পতিবার জাতীয় আয়কর দিবসের অনুষ্ঠানে তিনি বলেন, "আমরা যখন (২০০৯ সালে) দায়িত্ব নিয়েছিলাম, তখন অভ্যন্তরীণ কর আদায় ছিলো ৬২ হাজার কোটি টাকা। এবারে (২০১১-১২) আশা করছি, তা দ্বিগুণ হবে।"
গত অর্থবছরে রাজস্ব আদায়ে ২৮ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। বর্তমান অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯২ হাজার কোটি টাকা।
আয়কর দেওয়ায় উৎসাহিত করার লক্ষ্যে ২০০৮ সাল থেকে প্রতিবছর ১৫ সেপ্টেম্বর জাতীয় আয়কর দিবস পালিত হয়ে আসছে।
দিবসটি উপলক্ষে বেইলি রোডে অফিসার্স ক্লাবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী। অনুষ্ঠানে তিনি ৩৫০ জন করদাতার হাতে সম্মাননাপত্র ও ক্রেস্ট তুলে দেন।
আয়কর দিতে জনগণের প্রতি আহ্বান জানানোর পাশাপাশি কর দেওয়ার প্রক্রিয়া সহজ করতে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেও তুলে ধরেন অর্থমন্ত্রী।
তিনি বলেন, কর দেওয়া সবার সামাজিক দায়িত্ব। কর দিয়ে সবাইকে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে।
"কর দেওয়া সহজ করতে আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছি। আমরা অনলাইনে রিটার্ন (আয়কর বিবরণী) দাখিলের ব্যবস্থা করেছি। ভবিষ্যতে তা আরো বিস্তৃত করা হবে," বলেন তিনি।
কর আদায়ে কর কর্মকর্তাদেরও আরো উদ্যোগী হওয়ার আহ্বান জানান মুহিত।
অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদও বক্তব্য রাখেন। তিনি বুধবার এক সংবাদ সম্মেলনে জানান, চলতি অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-অগাস্ট) ১ হাজার ৯০৫ কোটি টাকা আয়কর আদায় হয়েছে, যা গত বছরের একই সময়ের চেয়ে ৩৪ শতাংশ বেশি।
১৭ থেকে ২২ সেপ্টেম্বর আয়কর মেলা
এবার রাজধানী ঢাকাসহ বিভাগীয় শহরগুলোতে ছয়দিন ব্যাপী আয়কর মেলার আয়োজন করা হয়েছে। ১৭ সেপ্টেম্বর মেলা শুরু হয়ে চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত।
ঢাকায় অফিসার্স ক্লাবে কেন্দ্রীয়ভাবে মেলা আয়োজন করা হবে। এছাড়া চট্টগ্রামে এম এ আজিজ স্টেডিয়ামে, রাজশাহীতে জাফর ইমাম টেনিস কমপ্লেক্সে, খুলনায় কর ভবন চত্বরে, সিলেট স্টেডিয়ামের জিমনেসিয়ামে, বরিশাল ক্লাব অডিটোরিয়ামে ও রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে মেলা হবে।
মেলায় নতুন কারদাতাদের তাৎক্ষণিক টিআইএন (কর শনাক্তকরণ নম্বর) সার্টিফিকেট দেওয়া হবে। করদাতারা যাতে সহজে আয়কর বিবরণী জমা দিতে পারেন সে জন্য সব ধরনের সহায়তা দেওয়া হবে।
গত বছর ঢাকা ও চট্টগ্রামে আয়কর মেলার আয়োজন করা হয়েছিলো। এ দুই মেলায় মোট ৫২ হাজার ৪৪০ জন করদাতা আয়কর বিবরণী জমা দিয়েছিলেন। রাজস্ব আদায় হয়েছিল ১১৩ কোটি টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/১৩৪০ ঘ.
bdnews24