গাজীপুর, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনুমোদন ছাড়াই কাজ চালানোর পাশাপাশি পরিবেশ দূষণ করায় গাজীপুর বিসিক শিল্প নগরীর একটি ডাইং কারখানাকে ১ কোটি ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
কারখানাটি হলো লাইফ টেক্সটাইল লিমিটেড। এর ব্যবস্থাপক কাজী জহির হোসেনকে বুধবার তলব করে জরিমানা করা হয় বলে অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী এ জরিমানা করেন।
অধিদপ্তর জানায়, পরিবেশ দূষণের জন্য ২০০৭ সালে অধিদপ্তর কারখানাটি বন্ধের নোটিস দিলেও মালিক পক্ষ তা পালন করেনি।
পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া এ কারখানাটিতে মঙ্গলবার অভিযান চালিয়ে অধিদপ্তরের কর্মকর্তারা দেখতে পান, ইটিপি স্থাপন না করে কাজ চালিয়ে যাওয়ায় বিসিক এলাকা, সড়ক ও মহাসড়কসহ তুরাগ নদীতে ব্যাপক আকারে দূষণ ঘটছে।
এ কারখানা থেকে গত ৬ বছরে সাড়ে ৩ লাখ ঘন মিটার রাসায়নিক মিশ্রিত তরল বর্জ্য নির্গমণের প্রমাণ পাওয়া গেছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়। বিকালে কারখানাটির গ্যাস সংযোগও বিচ্ছিন্ন করা হয়।
এ নিয়ে মঙ্গল ও বুধবার গাজীপুর এলাকায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে চারটি শিল্প কারখানাকে মোট ২ কোটি ২১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার ওয়াকফি নিট ফেব্রিক্সকে ৩৬ লাখ টাকা, নাইটিংগেল ফ্যাশন লিমিটেডকে ৬৭ লাখ টাকা এবং ফ্যাশন ডিজাইনকে ৫ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ তিনটি কারখানার সব ধরনের ঋণ সুবিধা বন্ধ করতে বাংলাদেশ ব্যাংক, ইসলামী ব্যাংক, কৃষি ব্যাংক ও যমুনা ব্যাংক কর্তৃপক্ষকে বলেছে পরিবেশ অধিদপ্তর। একইসঙ্গে এসব প্রতিষ্ঠানের নিবন্ধন বাতিল করার জন্যও বিনিয়োগ বোর্ডকে অনুরোধ জানানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১৯৩৫ ঘ.
bdnews24