লালমনিরহাট, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফার ডটকম)- সীমানা নিয়ে বিরোধে লালমনিরহাটের আদিতমারী উপজেলায় দু'পক্ষের সংঘর্ষে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আহত হন দু'জন।
বুধবার বিকালে মহিষখোচা ইউনিয়নের কুটিরপাড় গ্রামে এ সংঘর্ষে নিহত হন আয়শা বেগম (৭৫)।
আহতরা হলেন আয়েশার স্বামী করম আলী (৮০) ও ছেলে আলম মিয়া। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ঘটনায় আইয়ুব আলী (৫৫) নামে একজনকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে আদিতমারী থানার ওসি মাহফুজার রহমান জানান, দীর্ঘদিন ধরে জমির সীমানা নিয়ে বিরোধ চলছিল ওই গ্রামের করম আলী ও আইয়ুব আলীর মধ্যে।
এর জেরে বিকাল সাড়ে ৪টার দিকে আইয়ুব আলী ও তার ছেলে আনারুল ইসলাম লোকজন নিয়ে করম আলীকে রাস্তায় মারধোর করে। এ খবর শুনে করম আলীর স্ত্রী আয়শা বেগম ঘটনাস্থলে গেলে তাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আদিতমারী থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফার ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯২৭ ঘ.
bdnews24