২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

মাগুরায় বাসচাপায় বুধবার এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় স্থানীয়রা প্রায় সাড়ে তিন ঘণ্টা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2011, 09:50 AM

Updated : 24 Aug 2022, 03:58 PM

মাগুরা/গাইবান্ধা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরায় বাসচাপায় বুধবার এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় স্থানীয়রা প্রায় সাড়ে তিন ঘণ্টা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখে। এছাড়া ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধায় যাত্রীবাহী বাস ও কভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালকের মৃত্যু হয়েছে। মাগুরা প্রতিনিধি জানান, ঢাকা-খুলনা মহাসড়কের মাগুরা সদর উপজেলার জাগলা চারাবটতলা এলাকায় ভোর সাড়ে ৬টার দিকে বাসচাপায় এক মাদ্রাসা ছাত্র নিহত হয়। এ ঘটনায় স্থানীয়রা মহাসড়ক অবরোধ করলে ঢাকা-খুলনা মহাসড়কে প্রায় ১০ কিলোমিটার এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয়। পরে সকাল ১০টার দিকে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নিলে মহাসড়কে যান চলাচল শুরু হয়। নিহত বরকত আলী (১৫) আলী জাগলা দাখিল মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্র। সে সদর উপজেলার আড়ুয়াকান্দি গ্রামের কুদ্দুস মণ্ডলের ছেলে। মাগুরা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) সরোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বরকত বাইসাইকেল চালিয়ে নিজ বাড়ি থেকে মাদ্রাসায় যাচ্ছিলো। এসময় জাগলা চারাবটতলা এলাকায় পৌঁছলে একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গাইবান্ধা প্রতিনিধি জানান, ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোমরপুরে ভোর সাড়ে ৬টার দিকে একটি যাত্রীবাহী নৈশকোচ ও একটি কভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালক ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় আহত হয় কমপক্ষে ১৭ জন বাসযাত্রী। নিহত জুলমত আলীর (৪৩) বাড়ি পাবনার সুজানগর উপজেলার বাগুলপুর গ্রামে। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি দেলোয়ার হোসেন জানান, ঢাকা থেকে সৈয়দপুরগামী শাহাজাদপুর পরিবহনের একটি যাত্রীবাহী নৈশ কোচের সঙ্গে রংপুর থেকে ছেড়ে আসা কভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানের চালক ঘটনাস্থলেই নিহত হয়। আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/আরএ/১৫৪৫ ঘ.