নোয়াখালী, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর চাটখিল উপজেলায় আগুনে ১৭টি দোকান পুড়ে গেছে।
উপজেলা সদরের পূর্ববাজারে বুধবার ভোর রাত ৪টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে বলে দমকল বাহিনী ও প্রত্যক্ষদর্শীরা জানায়।
দমকল বাহিনীর নোয়াখালীর উপ-পরিচালক দেবাশীষ বর্ধন সাংবাদিকদের জানান, কোনো একটি দোকানের শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই তা আশপাশে ছড়িয়ে পড়ে।
পুড়ে যাওয়া দোকানের মধ্যে স্বর্ণালঙ্কারের দোকান, মুদি, মনোহারি, হার্ডওয়ার, কনফেকশনারি ও পানের আড়ৎ রয়েছে।
দেবাশীষ জানান, নোয়াখালীর মাইজদী, চৌমুহনী ও লক্ষীপুরের রামগঞ্জ থেকে দমকল বাহিনীর তিনটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছে, আগুনে প্রায় তিন কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
রাস্তা সংকুচিত হওয়ায় এবং ঘটনাস্থলের পাশে পানির ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণে সময় লাগে বলে জানায় দমকল বাহিনী।
এদিকে উপজেলা সদরের প্রধান সড়কে দমকল বাহিনীর স্টেশন স্থাপনের দাবিতে দুপুর ১২টার দিকে ব্যবসায়ীরা মানববন্ধন করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৩৪৩ ঘ.
bdnews24