২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশাসনে পদোন্নতি ও রদবদল

প্রশাসনে ৩৫ জন উপ-সচিবকে ধারণাগত জ্যেষ্ঠতা দেওয়া হয়েছে। চারজন অতিরিক্ত জেলা প্রশাসকসহ (এডিসি) জ্যেষ্ঠ সহকারী সচিব পর্যায়ের কয়েকজন কর্মকর্তার পদেও রদবদল হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2011, 05:50 PM

Updated : 24 Aug 2022, 03:57 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনে ৩৫ জন উপ-সচিবকে ধারণাগত জ্যেষ্ঠতা দেওয়া হয়েছে। চারজন অতিরিক্ত জেলা প্রশাসকসহ (এডিসি) জ্যেষ্ঠ সহকারী সচিব পর্যায়ের কয়েকজন কর্মকর্তার পদেও রদবদল হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় মঙ্গলবার এ সংক্রান্ত আদেশ জারি করেছে। ধারণাগত জ্যেষ্ঠতা পাওয়া উপ-সচিবদের মধ্যে একজনকে ২০০৫ সালের ২১ এপ্রিল থেকে, তিনজনকে '০৬ সালের ২৬ জানুয়ারি থেকে এবং ৩১ জনকে '০৯ সালের ৭ সেপ্টেম্বর থেকে জ্যেষ্ঠতা দেওয়া হয়েছে। আদেশে বলা হয়, এ জ্যেষ্ঠতা প্রাপ্তির জন্য তারা অতিরিক্ত কোনো আর্থিক সুবিধা পাবেন না। কর্মক্ষেত্রে জ্যেষ্ঠতা ও বেতন নির্ধারণের জন্য এ সিদ্ধান্ত গণ্য করা হবে। এডিসি'র দায়িত্ব পাওয়া চার কর্মকর্তার মধ্যে তথ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব জাহাঙ্গীর হোসেনকে ফরিদপুরে, কিশোরগঞ্জের নিকলীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলুর রহমানকে রাজবাড়ী, মাগুরা সদরের ইউএনও মোখলেছুর রহমানকে চূয়াডাঙ্গা এবং দিনাজপুরের বোছাগঞ্জের ইউএনও ইমতাজ হোসেনকে কুড়িগ্রামের এডিসি নিয়োগ করা হয়েছে। এর আগে এডিসি পদে নিয়োগ পাওয়া চার কর্মকর্তার নিয়োগ আদেশ বাতিল করা হয়েছে। এ চার কর্মকর্তা তাদের আগের পদে কাজ করবেন। গত ২৫ জুলাই তাদের এডিসি নিয়োগ দিয়ে সরকারি আদেশ জারি করা হয়েছিল। এ চার কর্মকর্তা হলেন- জাতীয় সংসদ সচিবালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব ওয়াহিদুল ইসলাম, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব নাফিউল হাসান এবং নিকলীর ইউএনও ফজলুর রহমান এবং মাগুরা সদরের ইউএনও মোখলেছুর রহমান। জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) জ্যেষ্ঠ সহকারী সচিব নূরুল হক ও খাগড়াছড়ি মাটিরাঙ্গার ইউএনও মোহাম্মদ মুস্তাফিজুর রহমানকে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) সচিবালয়ের উপ-পরিচালক এবং ওএসডি সহকারি সচিব লুৎফর রহমানকে পিএসসি'র চেয়ারম্যানের একান্ত সচিব পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে। কিশোরগঞ্জের করিমগঞ্জের ইউএনও আবদুল্লাহ হক্কানীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ওএসডি করা হয়েছে। প্রত্যাহারের পর পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে মুন্সিগঞ্জের শ্রীনগরের ইউএনও সায়েমা আফরোজ ও রংপুর পীরগঞ্জের ইউএনও ফিরোজ আহমেদকে। ই্উএনও নিয়োগের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব সাগরিকাত নাসরিনকে ঢাকা, রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মামনুর রশিদকে রংপুর এবং কক্সবাজারের কুতুপালং শরণার্থী ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ক্যাম্প ইনচার্জ) মীর শওকত হোসেনকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/২৩৪২ ঘ.