পঞ্চগড়, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনৈতিক কাজের অভিযোগে পঞ্চগড় পুলিশ লাইনের তিন কনস্টেবলকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
মঙ্গলবার বদরুল ইসলাম, জসিমউদ্দিন ও হুমায়ুন কবিরের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয় বলে পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) জানিয়েছেন।
এ ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।
গ্রামবাসী জানায়, সোমবার রাত ১০টার দিকে ওই তিন পুলিশ সদস্য সাদা পোশাকে বোদা উপজেলার ময়দানদীঘি গ্রামে অনৈতিক কাজের উদ্দেশ্যে একটি বাড়িতে যান।
ওই বাড়ির গৃহকর্ত্রী অনৈতিক কর্মকাণ্ডে জড়িত বলে এলাকায় অভিযোগ রয়েছে।
পরে তারা ওই বাড়ি থেকে বের হলে গ্রামবাসী তাদের আটক করে পিটুনি দেয় এবং আটকে রাখে।
খবর পেয়ে বোদা থানার ওসি কায়সার আলী খানের নেতৃত্বে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।
এ ব্যাপারে ওসি কায়সার আলী খান বলেন, অভিযুক্তরা অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ অস্বীকার করেছেন।
পুলিশ সুপারিনটেনডেন্ট শাহারিয়ার রহমান সাংবাদিকদের বলেন, রাতে ওই এলাকায় অযিুক্তদের যাওয়ার কোনো কারণ ছিল না। এজন্য গ্রামবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
তিনি বলেন, ঘটনা তদন্তে সহকারী পুলিশ সুপারের নেতৃত্বে গঠিত কমিটির প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২১৮ ঘ.
bdnews24