২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পল্লী বিদ্যুতের দাম 'আপাতত' বাড়ছে না

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বলেছে, গ্রাহক পর্যায়ে পল্লী বিদ্যুতের দাম 'আপাতত' বাড়ছে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2011, 03:27 PM

Updated : 24 Aug 2022, 03:57 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বলেছে, গ্রাহক পর্যায়ে পল্লী বিদ্যুতের দাম 'আপাতত' বাড়ছে না। রাজধানীর কারওয়ান বাজারে বিইআরসি কার্যালয়ে মঙ্গলবার কমিশনের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিশনের চেয়ারম্যান সৈয়দ ইউসুফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ বিষয়টি পল্লী বিদ্যুতায়ন বোর্ডকে জানিয়ে ফের দাম বাড়ানোর প্রস্তাব পাঠাতে বলা হবে।" এদিকে আগের প্রস্তাব অনুযায়ী দাম বাড়ানো না হলে বোর্ডের আওতাধীন সমিতিগুলো আরো সংকটে পড়বে জানিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডে (আরইবি) চেয়ারম্যান ভূঁইয়া শফিকুল ইসলাম বলেছেন, "গ্রামাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া ছাড়া উপায় থাকবে না।" গ্রাহক পর্যায়ে পল্লী বিদ্যুতের দাম ২০০৯ সালের ডিসেম্বরে গড়ে ছয় দশমিক ৫৭ শতাংশ বাড়ানোর সোয়া এক বছর পর বিদ্যুতের দাম আবার বাড়াতে বিইআরসির কাছে প্রস্তাব দেয় আরইবি। গত ৯ মার্চের ওই প্রস্তাবে দাম গড়ে ১২ দশমিক ৯৭ শতাংশ বাড়াতে বলা হয়। গত ২৭ এপ্রিল বিদ্যুতের দাম বৃদ্ধি বিষয়ে অনুষ্ঠিত গণশুনানী শেষে ইউসুফ হোসেন বলেন, "আরইবির প্রস্তাব অনুযায়ী সব দিক বিবেচনা করে এক মাসের মধ্যে গ্রাহক পর্যায়ে পল্লী বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হবে।" দাম না বাড়ানোর ব্যাপারে ইউসুফ মঙ্গলবার বলেন, "আরইবি দাম বাড়ানোর যে প্রস্তাব দিয়েছে তাতে কয়েকটি বিষয় অসম্পূর্ণ রয়েছে। এর মধ্যে রয়েছে তারা গ্রাহক সেবা উন্নতকরণে কী পদক্ষেপ নিয়েছে, বিদ্যুৎ বিল নিয়মিত আদায় এবং বিদ্যুতের সরবরাহ লাইন ঠিকমতো মেরামত করা হয় কি না।" তিনি জানান, এসব বিষয়ে আরইবির কাছ থেকে যথাযথ উত্তর পেলে আরইবিকে ফের দাম বাড়ানোর প্রস্তাব দিতে হবে। সরকারের কাছ থেকে আরইবি কোনো ভর্তুকি পায় না উল্লেখ করে আরইবির চেয়ারম্যান ভূঁইয়া শফিকুল ইসলাম বলেন, "নিজস্ব আয় তথা গ্রাহকের কাছ থেকে আদায়কৃত অর্থ দিয়ে এ প্রতিষ্ঠান চলে। সরকারের অন্যান্য অফিসের মতো আরইবির কর্মকর্তা-কর্মচারিদের বেতন বাড়ানো হয়েছে।" "কিন্তু বিদ্যুতের দাম না বাড়ানোয় কর্মকর্তা-কর্মচারীদের বেতন দিতে হিমশিম খাচ্ছে আরইবি।" দাম বাড়ানো প্রসঙ্গে বিইআরসি যেসব বিষয় জানতে চেয়েছে সে ব্যাপারে শফিকুল ইসলাম বলেন, "অর্থ না থাকলে সরবরাহ লাইন কিভাবে মেরামত করবো। এ জন্য গ্রাহক সেবাও বিঘিœত হচ্ছে।" তবে বিদ্যুত বিল নিয়মিত আদায় করা হয়- এ কথা জানিয়ে আরইবি চেয়ারম্যান বলেন, "সমিতিগুলো এখনো লোকসান দিচ্ছে।" দাম বৃদ্ধির প্রস্তাব আরইবির ৯ মার্চের প্রস্তাবে বলা হয়, দীর্ঘদিন ধরে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম না বাড়ানোয় চলতি অর্থবছরেই সমিতিগুলোকে ৪৮৫ কোটি টাকা লোকসান দিতে হবে। প্রস্তাব অনুযায়ী দাম বাড়ানো হলে ৭০টি পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যে ৫৫টি আর্থিক সংকট থেকে রেহাই পাবে। বর্তমানে ১০০ ইউনিট পর্যন্ত বিদ্যুতের জন্য সমিতিগুলো তাদের আবাসিক গ্রাহকদের কাছ থেকে ইউনিট প্রতি দুই টাকা ৬৪ পয়সা থেকে তিন টাকা তিন পয়সা নিচ্ছে। নতুন প্রস্তাবে এই দাম ১১ দশমিক ৭৪ শতাংশ বাড়িয়ে ২ টাকা ৯৫ পয়সা থেকে ৩ টাকা ৩৯ পয়সা করতে বলা হয়েছে। বর্তমানে ১০১ থেকে ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুতের মূল্য ২ টাকা ৮১ পয়সা থেকে ৩ টাকা ২৩ পয়সা। এই দাম ১৯ দশমিক ২২ শতাংশ বাড়িয়ে ৩ টাকা ৩৫ পয়সা থেকে ৩ টাকা ৮৫ পয়সা করার প্রস্তাব দেয় আরইবি। এছাড়া ৩০১ থেকে ৫০০ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম এখন ৪ টাকা ২৮ পয়সা থেকে ৪ টাকা ৫৬ পয়সা। এটা ২০ শতাংশ বাড়িয়ে ৫ টাকা ১৪ পয়সা থেকে ৫ টাকা ৪৭ পয়সা করার প্রস্তাব দেওয়া হয়েছে। ৫০০ ইউনিটের বেশি ব্যবহারের ক্ষেত্রে বর্তমানে দাম ৫ টাকা ৬৪ পয়সা থেকে ৬ টাকা ৭২ পয়সা। তা ২০ শতাংশ বাড়িয়ে ৬ টাকা ৭৭ পয়সা থেকে ৮ টাকা ৬ পয়সা করার প্রস্তাব দেয় আরইবি। একইভাবে প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য বাণিজ্যিক গ্রাহকের জন্য ১০ শতাংশ, দাতব্য প্রতিষ্ঠানের ক্ষেত্রে ১০ শতাংশ, সেচে ৯ দশমিক ৯৩ শতাংশ, সাধারণ শিল্পে ১২ শতাংশ, বৃহৎ শিল্পে ১২ শতাংশ এবং রাস্তার বাতির জন্য ২০ শতাংশ বৃদ্ধির প্রস্তাব করেছে আরইবি। এছাড়া সব শ্রেণীর গ্রাহকের ন্যূনতম বিল চার্জ বাড়ানোরও প্রস্তাব করা হয়েছে। আবাসিক গ্রাহকদের ক্ষেত্রে নূন্যতম বিল ৬৫ টাকার পরিবর্তে ১০৫, সাধারণ শিল্প গ্রাহকদের ক্ষেত্রে ৪৫ টাকার বদলে ৫০, বৃহৎ শিল্পে ৫৫ টাকার পরিবর্তে ৬০ টাকা করার প্রস্তাব করা হয়েছে। এছাড়া সার্ভিস ও ডিমান্ড চার্জও বাড়ানোর কথা বলা হয়েছে আরইবির প্রস্তাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/পিডি/২১১৮ ঘ.