২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অভিযোগ গঠনের বিরুদ্ধে পিন্টুর আবেদন খারিজ

বিডিআর বিদ্রোহে হত্যা মামলায় অভিযোগ গঠনের বিরুদ্ধে বিএনপি নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টুর আবেদন উপস্থাপিত হয়নি বলে তা খারিজ করেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2011, 01:19 PM

Updated : 24 Aug 2022, 03:57 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহে হত্যা মামলায় অভিযোগ গঠনের বিরুদ্ধে বিএনপি নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টুর আবেদন উপস্থাপিত হয়নি বলে তা খারিজ করেছে হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি একেএম ফজলুর রহমান ও বিচারপতি ফরিদ আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শুনানি শেষ হয়। শুনানি শেষে এই দুই বিচারপতির দ্বৈত বেঞ্চ আদেশ দিবেন কি-না, তা আবেদনকারীর আইনজীবীদের নিকট জানতে চান। এ সময় আবেদনকারীর আইনজীবীরা অভিযোগ গঠন খারিজের আবেদন এবং রুল প্রার্থনা করেন। আদালতে পিন্টুর আইনজীবী হিসাবে ছিলেন, অ্যাডভোকেট এসএম শাহজাহান এবং সরকার পক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. মোমতাজ উদ্দিন ফকির। আবেদনকারীর পক্ষে ব্যরিস্টার রফিক উল হক আদালতে উপস্থিত ছিলেন। শাহজাহান সাংবাদিকদের বলেন, আমাদের আবেদনটি উপস্থাপিত হয়নি মর্মে খারিজ করা হয়েছে। কাজেই হাইকোর্টে আবার নতুন করে আবেদন করতে আইনগত কোনো বাধা নেই। মোমতাজ উদ্দিন ফকির বলেন, বিডিআর বিদ্রোহে হত্যাযজ্ঞের ঘটনায় রাজধানীর বকশীবাজারে অবস্থিত বিশেষ ট্রাইব্যুনাল গত ২০ জুলাই নাসির উদ্দিন পিন্টুসহ অনেকের বিরুদ্ধে অভিযোগ গঠন করে। এরপর গত ২১ অগাস্ট পিন্টু হাইকোর্টে একটি রিভিশন আবেদন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এসইউ/১৯০৯ ঘ.